নয়া জামানা, হবিবপুর: শহরের পাশাপাশি এবার জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকাতেও অপরাধমূলক কর্মকাণ্ড রুখতে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করতে মঙ্গলবার বিকেল থেকে হবিবপুর থানার অন্তর্গত মালদা-নালাগোলা রাজ্য সড়কের আইহো ব্রিজ সংলগ্ন এলাকায় শুরু হয় বিশেষ নাকা চেকিং অভিযান।
মালদা জেলার ট্রাফিক পুলিশের এএসআই জয় চৌধুরীর নেতৃত্বে পুলিশকর্মীরা এই অভিযানে নামেন। ওই রাজ্য সড়ক দিয়ে যাতায়াতকারী বিভিন্ন চারচাকা ও দু’চাকার যানবাহন থামিয়ে চালক ও আরোহীদের জিজ্ঞাসাবাদ করা হয়। পাশাপাশি গাড়িগুলিতে চালানো হয় তল্লাশি, বিশেষ নজর রাখা হয় সন্দেহভাজন যানবাহনের ওপর। পুলিশের এই হঠাৎ তৎপরতায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, মূল লক্ষ্য হল বেআইনি সামগ্রীর পাচার রোধ এবং অপরাধমূলক কাজে যুক্ত ব্যক্তিদের আনাগোনা বন্ধ করা। সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এবং রাজ্য সড়কে নিরাপত্তা জোরদার করতে এই উদ্যোগ। আগামী দিনেও জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জাতীয় সড়কে নামল মোদির হারকিউলিস বিমান, ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী