নয়া জামানা:টেলিভিশনের পর্দায় কখনও খলনায়িকা, কখনও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র অভিনয়ের নানা রঙে দর্শকের নজর কেড়েছেন মানসী সেনগুপ্ত।এবার সেই পরিচয়ের সঙ্গে জুড়ল রাজনীতির নতুন অধ্যায়। ক্যামেরার সামনে চরিত্র বদলের পর এবার বাস্তবের ময়দানে নতুন ভূমিকায় অভিনেত্রী।
৩ সেপ্টেম্বর ভারতীয় জনতা মজদুর সেলের দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলা ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন মানসী।দায়িত্ব গ্রহণের পরই স্পষ্ট করলেন তাঁর রাজনৈতিক অবস্থান।অতীতে কোনও শাসক দলের সঙ্গে সরাসরি রাজনৈতিক যোগ বা মিটিং-মিছিলে অংশ নেওয়ার কথা অস্বীকার করে অভিনেত্রীর বক্তব্য, পুরনো সরকারের ভুল-ত্রুটি নিয়ে বিতর্কে না গিয়ে মানুষের জন্য কাজ করাই তাঁর লক্ষ্য।
তবে রাজনীতিতে পা রাখার আগেই বাংলা টেলিভিশনে নিজের জায়গা তৈরি করেছেন মানসী। ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’, ‘উমা’-সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বিশেষ করে ‘নিম ফুলের মধু’-তে মৌমিতা চরিত্রে তাঁর নেতিবাচক অভিনয় দর্শকদের মনে আলাদা ছাপ ফেলেছিল। পরবর্তীতে ‘তারে ধরি ধরি মনে করি’ এবং ‘গঙ্গা’ ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় এসেছেন অভিনেত্রী। এবার সেই জীবনে যুক্ত হল আরও এক বড় পরিচয়—রাজনীতিক মানসী সেনগুপ্ত
অভিনয়ের সংলাপের পর এবার মানুষের সমস্যার কথা বলার মঞ্চ।নতুন দায়িত্বে মানসী কতটা সফল হন সেটাই এখন দেখার।