নয়া জামানা,মালদা:চারদিকে জল।জলমগ্ন ঘরবাড়ি। কোথাও আশ্রয়ের সংকট, কোথাও খাবারের।ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভূতনির বানভাসি মানুষের পাশে এবার মানবিকতার হাত বাড়িয়ে দিল জি.ডি. চ্যারিটেবল সোসাইটি। প্রায় ১০ হাজার বন্যাকবলিত পরিবারের হাতে খাবার ও ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে সংস্থার পক্ষ থেকে।
পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের কর্ণধার মোস্তাক হোসেনের সহযোগিতায় এই ত্রাণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুর্গত পরিবারের হাতে খাবারের পাশাপাশি তুলে দেওয়া হয় ত্রিপল ও কম্বল। বন্যার জেরে বাড়িঘর জলমগ্ন হয়ে পড়ায় বহু পরিবার চরম সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। তাঁদের প্রয়োজনের কথা মাথায় রেখেই সরাসরি দুর্গত এলাকায় পৌঁছে ত্রাণ বিলি করা হয়।
ত্রাণ বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোথাবাড়ির বিধায়ক নজরুল ইসলাম, মানিকচকের বিধায়ক গৌড় চন্দ্র মণ্ডল এবং শ্যামপুর জামা মসজিদের ইমাম তারিক আনোয়ার।এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুল লতিফ ও আব্দুল মালেক।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে মোথাবাড়ির বিধায়ক নজরুল ইসলাম বলেন,মানুষের বিপদের সময়ে তাঁদের পাশে থাকা প্রয়োজন।ভূতনির মানুষের বর্তমান দুর্দশার কথা উল্লেখ করে তিনি উদ্বেগ প্রকাশ করেন।তাঁর কথায়, প্রায় ১০ হাজার মানুষের হাতে ত্রাণ পৌঁছে দেওয়া হয়েছে।
বন্যার জলে যখন স্বাভাবিক জীবন বিপর্যস্ত তখন খাবার ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগে উঠে এসেছে মানবিকতার ছবি।দুর্যোগের সময়ে অসহায় মানুষের পাশে আরও বেশি সাহায্যের হাত পৌঁছে দেওয়ার বার্তাও দেওয়া হয়েছে এই কর্মসূচি থেকে।