নয়া জামানা: বিহারে অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) কার্যকর করা হবে না বলে স্পষ্ট জানালেন বিজেপির শরিক জনতা দল ইউনাইটেডের (জেডিইউ) প্রবীণ নেতা ও বিধায়ক শ্যাম রজক। সোমবার তিনি বলেন, আমরা রাজ্য সরকারের শরিক দল।
আমরা না চাইলে বিজেপি সরকার এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবে না।সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, বিজেপি ও এনডিএ-শাসিত ২১টি রাজ্যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই জেডিইউর অবস্থান স্পষ্ট করলেন শ্যাম। তাঁর দাবি, সংসদে ইউসিসি সংক্রান্ত আইনে সমর্থন জানানোর সময়ই জেডিইউর তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছিল, বিহারে এই আইন কার্যকর করা হবে না। নীতীশ কুমারের দলের এই প্রবীণ নেতা বলেন, নিজেদের অবস্থান থেকে সরে আসার প্রশ্ন নেই।শ্যাম রজক একসময় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ঘনিষ্ঠ ছিলেন। রাবড়ি দেবীর মন্ত্রিসভাতেও দায়িত্ব সামলেছেন তিনি। পরবর্তী সময়ে নীতীশ কুমারের জেডিইউতে যোগ দিয়ে ফের মন্ত্রী হন। বর্তমানে মন্ত্রী না হলেও দলের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত।রাজনৈতিক মহলের একাংশের মতে, নীতীশের পরামর্শেই শ্যামের এই বক্তব্য। যদিও বিজেপি পরিচালিত বিহার সরকারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বা পদ্ম শিবিরের নেতারা এখনও এ নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।তবে ইউসিসি নিয়ে বিজেপি-জেডিইউর সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল। কারণ, কেন্দ্র ইতিমধ্যেই এ বিষয়ে আইন প্রণয়ন করেছে। ফলে সংসদে কোনও দল বিলের পক্ষে বা বিপক্ষে ভোট দিয়েছিল কি না, আইন কার্যকর হওয়ার পর তা আর বিবেচ্য থাকবে না। এই পরিস্থিতিতে বিহারে ইউসিসি কার্যকর করা নিয়ে দুই শরিকের মধ্যে মতবিরোধ আরও বাড়তে পারে। ফলে আগামী দিনে জোটের অন্দরে এই প্রশ্নে চাপানউতোর বাড়ার আশঙ্কা থাকছে।