নয়া জামানা:যাদবপুর বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় চত্বরে বহিরাগতদের অবাধ যাতায়াতে অবিলম্বে রাশ টানার দাবিতে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আবেদনকারীরা।ক্যাম্পাসে প্রশাসনিক শান্তি-শৃঙ্খলা ফেরানো এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলাটিতে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি ঋতব্রতকুমার মিত্রের ডিভিশন বেঞ্চে। আগামী বুধবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে বামপন্থী ও গেরুয়াপন্থী ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ও রক্তক্ষয়ী ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ, সেই সংঘর্ষের সময় বহিরাগতদের একাংশ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব ও ভাঙচুর চালায়, যার জেরে গোটা রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন ওঠে।মামলাকারীদের দাবি, বহিরাগতদের নিয়ন্ত্রণহীন প্রবেশের ফলে সাধারণ পড়ুয়াদের নিরাপত্তা ও পঠনপাঠনের পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং বারবার সংঘর্ষে আতঙ্ক ছড়াচ্ছে ক্যাম্পাসে। এর আগেও সিসিটিভি বসানো, পরিচয়পত্র যাচাই ও প্রবেশ নিয়ন্ত্রণ সংক্রান্ত একাধিক নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু অভিযোগ, সে সব যথাযথভাবে কার্যকর হয়নি। আদালতে প্রতিশ্রুত পরিকাঠামোগত ব্যবস্থাও বাস্তবে অসম্পূর্ণ থেকে গিয়েছে বলে দাবি। এই পরিপ্রেক্ষিতেই ইস্যুটি ফের হাইকোর্টে উঠল।