নয়া জামানা:তিরন্দাজিতে নতুন ইতিহাস রচনা করলেন ধীরজ বোম্মাদেরাভা। বিশ্বকাপে পুরুষদের রিকার্ভ বিভাগে সোনা জেতা প্রথম ভারতীয় তিরন্দাজ হিসেবে নাম লেখালেন ২৫ বছরের এই তরুণ। ফাইনালে জাপানের জুনিয়া নাকানিশিকে শুট-অফে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন তিনি।
বিশ্ব র্যাঙ্কিংয়ে দশ নম্বরে থাকা ধীরজের সঙ্গে বিশ নম্বরে থাকা নাকানিশির লড়াই শুরু থেকেই ছিল জমজমাট। প্রথম চার রাউন্ডের পর ৩-১ ব্যবধানে এগিয়ে ছিলেন জাপানের তিরন্দাজ। তবে হাল না ছেড়ে ধীরে ধীরে ম্যাচে ফেরেন ধীরজ, স্কোর করেন ৩-৩। এরপর ৩-৫ ব্যবধানে পিছিয়ে পড়েও পরপর দুটি রাউন্ড জিতে ম্যাচ ৫-৫ সমতায় নিয়ে আসেন তিনি। ফলে খেলা গড়ায় শুট-অফে।সেখানে ১০-৯ ব্যবধানে নাকানিশিকে হারিয়ে ৬-৫ ফলে সোনা জিতে নেন ধীরজ।পুরুষদের রিকার্ভ তিরন্দাজিতে গত ১৬ বছর ধরে বিশ্বকাপ থেকে কোনও পদক আসেনি ভারতের ঝুলিতে।ধীরজের এই সাফল্যে কাটল সেই দীর্ঘ খরা।২০২৩ এবং ২০২৪ সালের বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছিলেন তিনি, তবে এবার মেক্সিকো থেকে সোনা নিয়েই দেশে ফিরছেন এই তিরন্দাজ।ফাইনালের আগে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন নাকানিশিও।সেমিফাইনালে টোকিও অলিম্পিক চ্যাম্পিয়ন তিরন্দাজকে হারিয়ে ফাইনালে উঠেছিলেন তিনি এবং শুরু থেকেই ধীরজের উপর চাপ তৈরির চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত সেই চাপ সামলে স্নায়ুর লড়াইয়ে বাজিমাত করলেন ভারতীয় তিরন্দাজ, বিশ্বমঞ্চে লিখলেন নতুন ইতিহাস।
জাতীয় সড়কে নামল মোদির হারকিউলিস বিমান, ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী