সাজাহান আলি, নয়া জামানা, পতিরাম: গভীর রাতে ভীতিপ্রদ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৮টি দোকান। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম বাজারে শনিবার গভীর রাত ২.৩০ মিনিট নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল আটটি দোকান এবং একটি মেডিকেল ল্যাবরেটরি।
এই ঘটনায় লক্ষ লক্ষ টাকার সামগ্রী পুড়ে ছাই হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে আচমকাই আগুন ধরে যায় পতিরাম বাজারের বেশ কিছু দোকানে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকান ও দোতলার ল্যাবরেটরিতে ছড়িয়ে পড়ে। লোহার শাটার, গ্রিল এবং প্লাস্টিক সামগ্রী আগুনে দুমড়ে-মুচড়ে কঙ্কালে পরিণত হয়। খবর পেয়ে পতিরাম, বালুরঘাট ও গঙ্গারামপুর থেকে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে প্লাস্টিক সামগ্রী, বিউটি পার্লার, স্টেশনারি ও পানের দোকানের বিপুল ক্ষতি হয়ে যায়। দমকলের জলে ভেজেও নষ্ট হয় পার্শ্ববর্তী একটি দোকানের মালপত্র। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই বিপর্যয় ঘটেছে। সামনেই পুজো, তার মুখে পরিমল পাল, কাজল হালদার, উৎপল চক্রবর্তীদের মতো ব্যবসায়ীদের পাইকারি ও খুচরো বিক্রির সব মালপত্র ছাই হয়ে যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার সকালে বহু মানুষ দুর্ঘটনাস্থলে ভিড় করেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পতিরাম থানার পুলিশ ও সিভিক ভলেন্টিয়ারদের নজরদারি চলছে। বিপদে পড়া ব্যবসায়ীরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সরকারি আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।