নয়া জামানা:দুর্গাপুজোর আগেই অ্যাকাউন্টে ঢুকছে বর্ধিত হারে বার্ধক্য, বিধবা ও দিব্যাঙ্গ ভাতা দুর্গাপুজোর প্রাক্কালে রাজ্যের প্রায় ৬২ লক্ষ উপভোক্তার জন্য বড় স্বস্তির খবর। আগামী সোমবার, অর্থাৎ ৭ সেপ্টেম্বর থেকে বার্ধক্য, বিধবা এবং দিব্যাঙ্গ ভাতার টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে। সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গিয়েছে, জনকল্যাণ শিবিরে এই তিনটি ভাতার জন্য আবেদনকারী প্রায় সাড়ে সাত লক্ষ উপভোক্তা এবার সরাসরি অ্যাকাউন্টে টাকা পাবেন। সব মিলিয়ে প্রায় ৬২ লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে যাবে দেড় হাজার টাকা করে।পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই ভাতার পরিমাণ ছিল মাত্র এক হাজার টাকা। রাজ্যে ক্ষমতায় আসার আগে বিজেপির প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে এই ভাতা বাড়ানো হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করে নতুন সরকার আসার পরই বার্ধক্য, বিধবা ও বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এক হাজার টাকা থেকে একধাক্কায় তা বাড়িয়ে দেড় হাজার টাকা করা হয়, অর্থাৎ ৫০০ টাকা বৃদ্ধি করা হয়।