শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, ‘বন্দেমাতরম’ গানের সার্ধশতবর্ষ এবং সংগঠনের ৭৮তম প্রতিষ্ঠা দিবস উদ্যাপন উপলক্ষে সম্প্রতি কলকাতায় শক্তি প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। শ্যামবাজার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত আয়োজিত এক বর্ণাঢ্য মিছিল শেষে আয়োজিত ছাত্রসভা থেকে রাজ্য সরকারের সাম্প্রতিক ‘গুন্ডাদমন আইন’ এবং আটকে থাকা ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে সুর চড়ালেন সংগঠনের কেন্দ্রীয় সম্পাদক বীরেন্দ্র সিংহ সোলাঙ্কি।
কলেজ স্ট্রিটের সমাবেশ থেকে সোলাঙ্কি দাবি করেন, রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে এবং শান্তিরক্ষায় এই গুন্ডাদমন আইন অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। ক্যাম্পাসে হিংসা ও বহিরাগত দুষ্কৃতীরাজ বন্ধ হলে পঠনপাঠনের পরিবেশ অনেক বেশি নিরাপদ হবে। এর পাশাপাশি, দীর্ঘ দিন ধরে বকেয়া থাকা ছাত্র সংসদ নির্বাচন অবিলম্বে করানোর দাবি জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সোলাঙ্কি বলেন, ‘ক্যাম্পাস ও শ্রেণিকক্ষ থেকেই স্বাভাবিক ও গণতান্ত্রিক নেতৃত্ব উঠে আসা প্রয়োজন, যাঁরা ভবিষ্যতে সুস্থ সমাজ গঠন করবেন।’ দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেয় এবিভিপি নেতৃত্ব।
এদিনের সভায় জাতীয় স্তরের বিতর্কিত শিক্ষাসংক্রান্ত বিষয়গুলিও এড়িয়ে যাননি তিনি। নিট ইউজি প্রশ্ন ফাঁস বিতর্ক এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি প্রসঙ্গে বীরেন্দ্র সোলাঙ্কি সাফ জানান, কেবল মন্ত্রীর পদত্যাগে সমস্যার স্থায়ী সমাধান হবে না। বরং পরীক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে ‘জাতীয় পরীক্ষা সংস্থা’-র আমূল সংস্কার প্রয়োজন। এই বিষয়ে রাধাকৃষ্ণন কমিটির কাছে সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই ২৩ দফা সুপারিশ জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।