নয়া জামানা:সেপ্টেম্বর-অক্টোবরে ফিফা আন্তর্জাতিক উইন্ডোতে পানামা, ব্রাজিল ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। সেই গুরুত্বপূর্ণ সিরিজের আগে দীর্ঘ প্রায় দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা।
তবে প্রতিপক্ষের তারকা ফুটবলার বা দলের অতীত সাফল্য নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ ২৮ বছর বয়সি এই ফুটবলার। তাঁর বার্তা, মাঠে শেষ পর্যন্ত লড়াইটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনেরই।ব্রাজিল ও উরুগুয়ের মতো প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন দলের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার সুযোগকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখছেন থাপা। তিনি বলেন, ড্রেসিংরুমে যতই রোমাঞ্চ থাকুক, ম্যাচ শুরু হলে দলের লক্ষ্য থাকবে নিজেদের সেরা ফুটবল তুলে ধরা।২০২৪ সালের সেপ্টেম্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপে মরিশাসের বিরুদ্ধে শেষবার ভারতের জার্সিতে খেলেছিলেন থাপা। দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরে এমন গুরুত্বপূর্ণ সিরিজের অংশ হতে পেরে তিনি স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত।
ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে মাঝমাঠে শৃঙ্খলা ও সংহতি বজায় রাখাকেই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সমন্বয় বজায় রেখে ৯০ মিনিট ভুল কম করাই হবে দলের অন্যতম লক্ষ্য।২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে খেলবে ভারত। এরপর ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ব্রাজিল এবং ৬ অক্টোবর একই মাঠে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এই দুই ম্যাচে গ্যালারিতে উপস্থিত থেকে ভারতকে সমর্থনের জন্য সমর্থকদেরও আহ্বান জানিয়েছেন থাপা।