নয়া জামানা:ইস্টবেঙ্গলের কাছে ৪-১ গোলে হেরে ১৮ বার ডুরান্ড জয়ের স্বপ্ন ভেঙেছিল মোহনবাগানের। সেই ক্ষত ভুলে বুধবার কলকাতা লিগে জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে নেমেছিল সবুজ-মেরুন। ডার্বি হারের হতাশা কাটিয়ে হাফ ডজন গোলে জিতল বাস্তব রায়ের ছেলেরা।
ফলে ৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে সুপার সিক্সের লড়াইয়ে ফিরল মেরিনার্সরা।শুরু থেকেই দাপট দেখায় মোহনবাগান। ১৩ মিনিটে কিয়ানের সেন্টার থেকে গোল করে দলকে এগিয়ে দেন সুহেল ভাট। ২৩ মিনিটে অনবদ্য টাচে গোল করেন অ্যালেক্স সাজি, মরশুমে যা তাঁর প্রথম গোল। ২৭ মিনিটে বিভান জ্যোতিকে ট্যাকল করে লাল কার্ড দেখেন জর্জের অধিনায়ক রণজয় সামন্ত। ২-০ গোলে এগিয়ে বিরতিতে যায় মোহনবাগান।দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ান সন্দীপ মালিক। ৫০ মিনিটে পরিবর্ত হিসেবে নেমেই অভিষেকে গোল করেন সূর্যবংশী, ৪-০ এগিয়ে যায় দল। ৬১ মিনিটে সায়ন বন্দ্যোপাধ্যায়ের থ্রু থেকে নিজের দ্বিতীয় গোল করেন সুহেল। ৬৭ মিনিটে হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করলেও ৭৩ মিনিটে তা পূরণ করেন তিনি।শেষ পর্যন্ত ৬-০ গোলে জিতে পয়েন্ট তালিকায় তিনে উঠে এল মোহনবাগান। ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে ভবানীপুর, ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ইস্টবেঙ্গল, আর ৯ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ইউনাইটেড কলকাতা।