নয়া জামানা:তিব্বত সীমান্ত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে ভেসে গিয়েছে একাধিক গ্রাম। বুধবার সকাল ৯টা নাগাদ আচমকা ফুলেফেঁপে ওঠে ভোতে কোশি নদী। প্রবল স্রোতে ভেসে যায় কয়েকটি গ্রাম এবং বিভিন্ন নির্মাণ প্রকল্পের এলাকা। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ১০০০ জন হড়পা বানে ভেসে গিয়ে নিখোঁজ হয়ে থাকতে পারেন, যদিও সংখ্যাটি এখনও সরকারি ভাবে নিশ্চিত হয়নি।
রাসুয়া জেলার স্যাপ্রুবেশি ও তিমুরে এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রশাসনিক সূত্রে খবর। তিব্বত সীমান্তবর্তী এই পাহাড়ি অঞ্চলে প্রবল জলস্রোতে বাড়িঘর, গ্রাম এবং প্রকল্পের জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের দ্রুত নিরাপদ ও উঁচু এলাকায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ।নেপাল প্রশাসনের মতে, তিব্বতের দিক থেকে আসা ভোতে কোশি নদীতে আচমকা জলস্তর বৃদ্ধিই এই বিপর্যয়ের মূল কারণ। এর প্রভাব ত্রিশূলী নদীর অববাহিকাতেও পড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ফলে নুওয়াকোট, ধাদিং, চিতওয়ান ও গোরখা জেলার বাসিন্দাদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।দুর্গত এলাকায় ইতিমধ্যে উদ্ধার ও ত্রাণকাজ শুরু হয়েছে। তবে দুর্গম পাহাড়ি পথ এবং যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হওয়ায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে। ফলে প্রকৃত পরিস্থিতি এখনও স্পষ্ট নয়।পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডেকেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা পরিষদের বৈঠকে উদ্ধার-ত্রাণ ও পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা অসীম শাহ জানান, ক্ষতিগ্রস্ত জেলাশাসকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন প্রধানমন্ত্রী।