নয়া জামানা,মালদা:আন্তর্জাতিক মঞ্চে ফের উজ্জ্বল হল বাংলা সাহিত্য ও সংস্কৃতির নাম। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত মর্যাদাপূর্ণ দ্যা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড সামিট ২০২৬-এ সাহিত্য ও সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ টিআইএএফ আইকোনিক স্টার এ্যায়ার্ড’এ সম্মানিত হলেন মালদার রতুয়ার বিশিষ্ট কবি ও লেখক মিজানুর রহমান।গত ২২ আগস্ট, শনিবার, ব্যাংককের হলিডে ইন ব্যাঙ্কক-এ বসেছিল এই আন্তর্জাতিক সম্মাননা অনুষ্ঠানের আসর।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, শিক্ষাবিদ, সমাজ পরিবর্তনকারী এবং সৃজনশীল জগতের বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাঁদের উপস্থিতিতেই মিজানুর রহমানের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র।অনুষ্ঠানের মূল মঞ্চের বিশাল ডিজিটাল পর্দায় প্রদর্শিত হচ্ছিল মিজানুর রহমানের ছবি ও তাঁর সাহিত্যিক পরিচিতি। তা ঘিরে উপস্থিত অতিথিদের মধ্যেও ছিল বিশেষ আগ্রহ।পুরস্কার গ্রহণের মুহূর্তে মঞ্চে ভারতের জাতীয় পতাকা প্রদর্শিত হওয়ায় গর্বের আবহ তৈরি হয়।
আন্তর্জাতিক এই স্বীকৃতি পাওয়ার পর মিজানুর রহমান বলেন,এই অর্জন শুধু আমার একার নয়। এটি বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি বিশ্বমঞ্চের ভালোবাসার বহিঃপ্রকাশ। এই সম্মান আমাকে ভবিষ্যতে আরও ভালো লেখার প্রেরণা জোগাবে।এবিষয়ে মালদা জেলার বিশিষ্ট শিক্ষাবিদ মজিবুর রহমান জানান,ছেলের সাফল্যে আমি গর্বিত।প্রসঙ্গত উল্লেখ্য, নেতৃত্ব, উদ্ভাবন, সৃজনশীলতা এবং সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারকারী কৃতী ব্যক্তিত্বদের আন্তর্জাতিক স্তরে সম্মানিত করে আসছে টিআইএএফ। সেই মঞ্চে মিজানুর রহমানের এই স্বীকৃতি বাংলা সাহিত্যচর্চার ক্ষেত্রে নিঃসন্দেহে এক গৌরবের মুহূর্ত। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই সম্মাননা বাংলা ভাষা ও সাহিত্যের প্রতিভারই আরও এক উজ্জ্বল পরিচয় বহন করল।
আন্তর্জাতিক যোগ দিবসের প্রাক্কালে হবিবপুর থানায় যোগচর্চা শিবির