নয়া জামানা,নয়াদিল্লি:কয়েক দিন আগেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীনের নতুন টিম গঠিত হয়েছে। শনিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে সেই নতুন জাতীয় পদাধিকারীদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।গত ১৭ অগস্ট দলের সর্বভারতীয় সভাপতি ৬৫ সদস্যের নতুন টিম ঘোষণা করার পর এই প্রথম তাঁদের সঙ্গে বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী।বৈঠকের পর সমাজমাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লেখেন, সাংগঠনিক বৈঠক নতুন ভাবনা ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনার সুযোগ করে দেয়।
দলের সংগঠন আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ গভীর করার লক্ষ্যেই এমন বৈঠক আয়োজিত হয় বলে জানান তিনি।নতুন টিমের সদস্যদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।নতুন কমিটিতে উল্লেখযোগ্য নিয়োগের মধ্যে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং আরএসএসের জাতীয় কার্যনির্বাহী সদস্য রাম মাধব। দু’জনকেই ফের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে আনা হয়েছে।বৈঠকে নিতিন নবীন যুব সমাজের সঙ্গে নিয়মিত যোগাযোগের উপর বিশেষ জোর দেন।সূত্রের খবর, ১৪ বছর বা তার বেশি বয়সি তরুণদের কাছে পৌঁছতে কার্যকর প্রচার কৌশল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে, যাঁদের মধ্যে রয়েছে জেন-জি় ও জেন-আলফা প্রজন্মের বড় অংশ।এই কাজে বিভিন্ন রাজ্যের বর্ষীয়ান নেতাদের নিয়ে বিশেষ দল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে ভারতীয় জনতা যুব মোর্চাকে।আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।রবিবার সকাল ১০টা থেকে সদর দফতরে ফের পর্যালোচনা বৈঠক করবেন নিতিন নবীন, যেখানে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও পঞ্জাবের প্রস্তুতি খতিয়ে দেখা হবে।