নয়া জামানা,দক্ষিণ দিনাজপুর:আত্রেয়ী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের বিরুদ্ধে আচমকা অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ।এদিনের বড় মাপের অভিযানে নেতৃত্ব দেন ডিএসপি ( হেডকোয়ার্টার ) অঙ্কুশ সিংহ রায়। ঘটনায় বেআইনিভাবে বালি বহন করার জন্য মোট সাতটি ট্রাক্টর এবং বালি ভর্তি পাঁচটি নৌকাকে বাজেয়াপ্ত করে পুলিশ। পুলিশের অভিযানের সময় অবৈধভাবে বালি উত্তোলনের সঙ্গে জড়িত অভিযুক্তরা যে যেদিকে পারে দ্রুত পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাক্টর ও নৌকাগুলিকে বাজেয়াপ্ত করে নিজেদের হেফাজতে নেয়।চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের আত্রেয়ী নদীর দ্বারকাপাড়া ঘাটে, রবিবার ভোর ৫ টা নাগাদ।পুলিশ সূত্রে জানা গিয়েছে ,বালুরঘাটের আত্রেয়ী নদীর অপর পাড়ে দ্বারকাপাড়া ঘাটের মাধ্যমে অবৈধ বালি উত্তোলনকারীরা মাঝে মাঝেই বেআইনিভাবে নদীর বালি উত্তোলন করে নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি করতো। পুলিশের কাছে এই নিয়ে একাধিক অভিযোগ জমা হয়েছিল। নানান অভিযোগের ভিত্তিতে রবিবার ভোর বেলায় এই সকল অবৈধ বালি উত্তোলন কারীদের বিরুদ্ধে বড় মাপের অভিযান চালানো হয়।দ্বারকাপাড়া ঘাটে সেই সময় ট্রাক্টর ও নৌকা করে বালি পাচারের তোড়জোড় চলছিল । এই সময় বিরাট পুলিশি অভিযানে বালি বহনকারী সাতটি ট্রাক্টর ও বালি ভর্তি পাঁচটি নৌকাকে আটক করে পুলিশ।এই ঘটনায় জেলা জুড়ে অবৈধ বালি উত্তোলনকারীদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হলে ডিএসপি অঙ্কুশ সিংহ রায় জানান ,এদিনের অভিযানে বাজেয়াপ্ত হওয়া ট্রাক্টর ও নৌকাগুলির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে । অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করা যায়নি। তবে এই ধরনের বেআইনি বালি উত্তোলনের বিরুদ্ধে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
দিল্লি সত্য নিকেতনে আচমকা বহুতল ধস, ধ্বংসস্তূপে আটকে বহুজনের আশঙ্কা