নয়া জামানা,মালদা: উৎসবের আনন্দ নয়, মানুষের মুখে হাসিই হয়ে উঠল প্রতিষ্ঠাবার্ষিকীর সেরা উপহার। মানবিকতার সেই উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করল মালদার কালিয়াচক বালিয়াডাঙ্গার ‘শোভা মহিলা মঙ্গল সমিতি’। সংস্থার সপ্তম প্রতিষ্ঠাদিবস উপলক্ষে অভিনব উদ্যোগে সামিল হলেন প্রতিষ্ঠাতা রাজেশ মহলদার-সহ সংগঠনের সদস্যরা। শুক্রবার মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর এবং মালদা রেলওয়ে স্টেশনে পৌঁছে যান সমিতির সদস্যরা। সেখানে থাকা অসহায়, দিনমজুর ও দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় খাবার। শীতের আমেজে প্রায় শতাধিক মানুষের মুখে খাবার তুলে দিয়ে তাঁদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন তাঁরা।
প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে কেক কাটা কিংবা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের পরিবর্তে মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ স্বাভাবিকভাবেই প্রশংসা কুড়িয়েছে।এই কর্মসূচিতে সংস্থার প্রতিষ্ঠাতা রাজেশ মহলদার ছাড়াও উপস্থিত ছিলেন জিয়াউল সেখ-সহ সমিতির অন্যান্য সদস্যরা। তাঁদের এই উদ্যোগে একদিকে যেমন অসহায় মানুষের মুখে ফুটেছে হাসি,অন্যদিকে তেমনই উঠে এসেছে সামাজিক দায়বদ্ধতার এক সুন্দর বার্তা।
সংস্থার কর্ণধার রাজেশ মহলদার জানান,মানুষের সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য। মানুষের পাশে থেকে তাঁদের সুখ-দুঃখ ও কষ্টের সঙ্গী হতে পারলে নিজেকে ভাগ্যবান বলে মনে করবেন তিনি।তাঁর কথায়, মানুষের জন্য কিছু করতে পারার মধ্যেই রয়েছে প্রকৃত আনন্দ। আসলে প্রতিষ্ঠানের বয়স সাত বছর পূর্ণ হওয়া শুধু উদযাপনের বিষয় নয়, মানুষের পাশে দাঁড়িয়ে সেই পথচলাকে আরও অর্থবহ করে তোলাই যে প্রকৃত সাফল্য তা-ই যেন বুঝিয়ে দিল শোভা মহিলা মঙ্গল সমিতি।