নয়া জামানা, তমলুক: মহানায়ক উত্তম কুমার বাঙালির আবেগ ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর জন্মশতবর্ষ উপলক্ষে রবিবার পূর্ব মেদিনীপুরের তমলুকের কাকটিয়ার ‘দেবাঙ্গন’-এ ‘কুইজ কেয়ার’ পরিবারের উদ্যোগে আয়োজিত হলো দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠান ‘উত্তম সন্ধানে’।
রবিবার সকাল থেকেই হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা এমনকি দূরবর্তী বালুরঘাট থেকেও অসংখ্য উত্তম-প্রেমী ও কুইজ অনুরাগী তমলুকে সমবেত হন। বাংলা চলচ্চিত্রে মহানায়কের অমূল্য অবদানকে স্মরণ করে দিনভর চলে গভীর আলোচনা, স্মৃতিচারণ এবং এক জমজমাট উত্তম কুমার বিষয়ক কুইজ প্রতিযোগিতা। এই কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন অর্কদেব গাঙ্গুলী ও আশীষ সেনগুপ্ত, দ্বিতীয় হন সোমা দে চৌধুরী ও জয়দীপ গুহ ঠাকুরদা এবং তৃতীয় স্থান অর্জন করেন সন্দীপন দাস ও সৌরভ রায়। সমগ্র কুইজ প্রতিযোগিতাটি দক্ষতার সঙ্গে পরিচালনা করেন কুইজমাস্টার শুভদীপ মাজি, সতীনাথ মাইতি ও সেক মুজাফর।
অনুষ্ঠানে উপস্থিত মানুষদের অপরিসীম উৎসাহই প্রমাণ করে যে, শতবর্ষ পেরিয়েও মহানায়কের জনপ্রিয়তা বাঙালির হৃদয়ে একইরকম ভাস্বর। কুইজ কেয়ারের পক্ষ থেকে সতীনাথ মাইতি জানান, মহানায়কের স্মৃতি ও কালজয়ী ঐতিহ্যকে আরও বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে শীঘ্রই ‘উত্তম সন্ধানে’ নামের একটি বিশেষ কুইজ ও তথ্যসমৃদ্ধ বই প্রকাশ করা হবে।