মোহম্মদ আলম, নয়া জামানা, ইসলামপুর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে সাধারণ মানুষের হয়রানির অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শামীম আহমেদ। শনিবার ইসলামপুর কৃষি বাজারে সিপিআইএম উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত একটি আলোচনা সভা ও আইনি সহায়তা শিবিরে বক্তব্য রাখার সময় তিনি এই ক্ষোভ জানান। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের এই সদস্য তথা বিশিষ্ট আইনজীবী অভিযোগ করেন, কমিশন সঠিকভাবে কাজ না করায় বহু বৈধ নাগরিক সমস্যায় পড়ছেন। বক্তব্য প্রদানকালে তিনি ক্ষুব্ধ হয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে এক বিতর্কিত মন্তব্য করেন, যা নিয়ে রাজ্য রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
এই কর্মসূচিতে ইসলামপুর ও সংলগ্ন এলাকার প্রচুর মানুষ উপস্থিত হয়েছিলেন, যাঁদের অনেকেরই এসআইআর প্রক্রিয়ার ফলে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়েছে অথবা সংশোধনের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। সাধারণ মানুষের এই দুর্ভোগের কথা শুনে তাঁদের আইনি দিক সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন আইনজীবী শামীম আহমেদ। তিনি আশ্বস্ত করেন যে, ভোটাধিকার রক্ষায় প্রয়োজন হলে ভুক্তভোগীদের হয়ে আদালতের দরজায় কড়া নাড়া হবে এবং আইনি লড়াই চালানো হবে। আয়োজক দলের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষ যাতে অযথা আতঙ্কে না ভোগেন এবং নিজেদের অধিকার পুনরুদ্ধার করতে পারেন, সেই উদ্দেশ্যে এই সহায়তা শিবিরের আয়োজন করা হয়েছিল।