নয়া জামানা:২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়ার লক্ষ্যে শক্তিশালী অভ্যন্তরীণ নিরাপত্তাকে মূল ভিত্তি হিসেবে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লিতে গোয়েন্দা ব্যুরোর জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপনী অধিবেশনে আগামী দু’দশকের ব্লুপ্রিন্ট পেশ করেন তিনি। সীমান্তবর্তী রাজ্যগুলির সঙ্গে চার স্তম্ভের কাঠামো ভাগ করে দ্রুত অনুপ্রবেশমুক্ত দেশ গড়ার বার্তা দিয়ে বলেন, এই দেশ ধর্মশালা নয়।
পূর্বতন সরকারগুলির দূরদর্শিতার অভাবকে দায়ী করে মাদক পাচার, নকশালবাদ ও উত্তর-পূর্বের অশান্তি প্রসঙ্গ তোলেন তিনি। জানান, তিনটি নতুন অপরাধ আইন এক বছরে কার্যকর হলে মামলা নিষ্পত্তি তিন বছরে এবং সাজার হার ২৫ শতাংশ বাড়বে। পিএফআই দমনকে সাফল্য হিসেবে তুলে ধরে ‘প্রহার’ কৌশল ও ‘শনাক্তকরণ-বিঘ্ন-ধ্বংস’ নীতিতে মাদক নির্মূলের নির্দেশ দেন।সিসিটিএনএস, নাটগ্রিডের মতো তথ্যভাণ্ডার সংযুক্ত করে এআই-ভিত্তিক গোয়েন্দা নজরদারির কথাও বলেন শাহ। জানান, ২০১৯-২৬ সালে ২৭৪ জন অর্থনৈতিক অপরাধী প্রত্যর্পিত হয়েছেন।