নয়া জামানা, কলকাতা: নিউটাউনে বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নির্বাচনের পর এই প্রথম দুই নেতার মুখোমুখি বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে তুমুল চর্চা শুরু হয়েছে। বৈঠকে একে অপরের প্রশংসায় পঞ্চমুখ হলেন দুজনেই। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, তাঁর মুখ্যমন্ত্রী হওয়ার নেপথ্যে অন্যতম প্রধান কারিগর হলেন মিঠুন চক্রবর্তী। অন্যদিকে, মিঠুনও গ্যারান্টি দিয়ে বলেন যে, শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ আর পেতেই পারত না।
এবারের নির্বাচনে মিঠুন চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, “মিঠুনদা বলেছিলেন দেখা করতে চান, কিন্তু আমি বলেছিলাম— আপনি নন, আমি নিজেই আসব।” শুভেন্দুর সংযোজন, বাংলার হৃতগৌরব ফিরিয়ে আনতে এবং মা-বোনদের সুরক্ষিত করতে মিঠুন চক্রবর্তী যেভাবে নিরলস পরিশ্রম করেছেন, তার কোনো তুলনা হয় না। কোনো সাংগঠনিক পদ না নিয়েও গত ৮-১০ মাস ধরে তিনি যেভাবে বুথ স্তরে এবং ঘরে ঘরে গিয়ে প্রচার চালিয়েছেন, তা সত্যিই অভাবনীয়। নির্বাচনের সর্বোচ্চ সভা ও রোড শো করার জন্য মিঠুনদাকে বিশেষ কৃতজ্ঞতা জানান মুখ্যমন্ত্রী।
পাল্টা জবাবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন মহাগুরু। তিনি বলেন, “আমি গ্যারান্টি দিয়ে বলছি, শুভেন্দুর থেকে ভালো মুখ্যমন্ত্রী আর কেউ হতে পারে না। শপথ নেওয়ার পর মুহূর্ত থেকেই উনি বাংলার মানুষের জন্য কাজ শুরু করে দিয়েছেন। ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়ে আমরা আশীর্বাদধন্য।” আগামী দিনে শুভেন্দুকে এক লড়াকু যোদ্ধা আখ্যা দিয়ে মিঠুন জানান, এই লড়াইয়ে তিনি সবসময় নেপথ্যে থেকে শুভেন্দুর হাত শক্ত করবেন।