নয়া জামানা, কলকাতা: আগামী রবিবার দিনভর বন্ধ থাকতে চলেছে কলকাতার অন্যতম প্রধান সংযোগকারী পথ বিদ্যাসাগর সেতু। পুলিশি বিজ্ঞপ্তি অনুযায়ী, ওই দিন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত টানা ১৬ ঘণ্টা এই সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সেতুর কেবল পরিবর্তনের জটিল কাজ এবং আনুষঙ্গিক জরুরি রক্ষণাবেক্ষণের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দা এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছেন।
শহরের লাইফলাইন হিসেবে পরিচিত এই দ্বিতীয় হুগলি সেতু বন্ধ থাকায় সাধারণ মানুষের ভোগান্তি বাড়তে পারে, তাই ট্রাফিক সামলাতে বেশ কিছু বিকল্প রাস্তার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খিদিরপুর বা জিরাট আইল্যান্ডের দিক থেকে আসা এজেসি বোস রোডগামী গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিংয়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এই গাড়িগুলি সেন্ট জর্জেস রোড বা স্ট্র্যান্ড রোড ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে পারবে। আবার যে সমস্ত গাড়ি কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়ার কথা, সেগুলিকে ওয়াই পয়েন্ট থেকে ১১ ফার্লং গেট হয়ে রেড রোডের দিকে পাঠিয়ে দেওয়া হবে। ওই গাড়িগুলি হাওড়া ব্রিজ ব্যবহার করে পারাপার করতে পারবে। ছুটির দিন হলেও এই গুরুত্বপূর্ণ সেতুটি বন্ধ থাকায় হাওড়া ও কলকাতার সংযোগকারী অন্য রাস্তাগুলিতে গাড়ির চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই যাতায়াতের আগে পর্যাপ্ত সময় হাতে রাখার পরামর্শ দিচ্ছে প্রশাসন।