নয়া জামানা:দুর্গাপুজোয় কোনও মণ্ডপে যাতে অতিরিক্ত ভিড় না হয় এবং তার জেরে কোনও দুর্ঘটনা না ঘটে, সেদিকে বিশেষ নজর দিতে প্রত্যেক থানার ওসিকে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দা। শুক্রবার সন্ধ্যায় লালবাজারের পুলিশ কর্তা ও প্রত্যেক থানার ওসিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। লালবাজার সূত্রে জানা গিয়েছে, পুজোর মণ্ডপ তৈরির শুরু থেকেই থানাগুলিকে থিম সম্পর্কে জানতে বলা হয়েছে।কমিশনারের নির্দেশ, মণ্ডপ এমনভাবে তৈরি করতে হবে যাতে ভিতরে একসঙ্গে অতিরিক্ত দর্শনার্থী না থাকেন। প্রবেশ ও বাহির পথ পৃথক রাখতে হবে, যাতে দর্শনার্থীরা দ্রুত প্রতিমা দর্শন করে বেরিয়ে যেতে পারেন। সেলফি তোলা বা ছবি তোলায় সময় ব্যয় না করে দ্রুত বাইরে যেতে বলা হবে দর্শনার্থীদের। এই লক্ষ্যে ওসিরা নিজ নিজ এলাকার প্রতিটি মণ্ডপের জন্য ক্রাউড ফ্লো বা ক্রাউড সার্কুলেশন পরিকল্পনা তৈরি করবেন এবং পুজো উদ্যোক্তাদের সঙ্গে আলোচনা করবেন। পরে ডিভিশনের ডিসিরাও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করবেন। পুজো কমিটির স্বেচ্ছাসেবক ও নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে পুলিশের তরফে।মণ্ডপ সংলগ্ন রাস্তায় ট্রাফিক যাতে মসৃণ থাকে, সেদিকেও নজর দিতে হবে। গাড়িতে বসে ঠাকুর দেখা বা ছবি তোলার জন্য গতি কমানো চলবে না। মেট্রো স্টেশনের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে, কারণ সেখান থেকে বহু দর্শনার্থী প্যান্ডেল হপিং করেন। ফুটপাত দখলমুক্ত রাখা ও রাস্তায় পর্যাপ্ত আলোর ব্যবস্থার জন্য কেএমডিএ ও পুরসভাকে চিঠি দিচ্ছে পুলিশ।
জামালপুরে যুব সাথী প্রকল্পে উপচে পড়া ভিড়, পরিস্থিতি সামলাতে রাস্তায় নামলেন ব্লক সভাপতি