নয়া জামানা,মালদা: খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হল মালদা শহরের অন্যতম ঐতিহ্যবাহী পশ্চিম পার্ক বাঘাযতীন সংঘের ৬৮তম বর্ষের দুর্গোৎসবের।১৯৫৮ সালে ইংরেজবাজার শহরের ২ নম্বর গভর্নমেন্ট কলোনির পশ্চিম পার্ক এলাকার বাসিন্দাদের উদ্যোগে শুরু হওয়া এই পূজা আজ মালদা জেলার অন্যতম প্রাচীন ও জনপ্রিয় দুর্গাপূজা হিসেবে পরিচিত।শুক্রবার ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব,স্থানীয় বাসিন্দা এবং ক্লাবের সদস্যরা।খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়ে গেল এবারের দুর্গোৎসবের আনুষ্ঠানিক প্রস্তুতি।উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে,এবারের পূজার বাজেট প্রায় ১০ লক্ষ টাকা। তবে অন্যান্য বছরের মতো এবারও পূজার মূল আকর্ষণ থিম সম্পূর্ণ গোপন রাখা হয়েছে।দর্শকদের চমকে দিতেই আগাম কোনও তথ্য প্রকাশ করতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাঁদের দাবি,এবারের মণ্ডপ ও ভাবনা দর্শকদের নতুন অভিজ্ঞতা উপহার দেবে এবং পূজার সময় ভিড় টানবে।
প্রতিমা ও মণ্ডপসজ্জার পাশাপাশি দুর্গাপূজার ক’দিন জুড়ে একাধিক সামাজিক কর্মসূচি, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান-সহ নানা আয়োজনের পরিকল্পনাও রয়েছে।ঐতিহ্যের সঙ্গে সামাজিক দায়বদ্ধতার মেলবন্ধন ঘটিয়ে প্রতিবছরের মতো এবারও উৎসবকে অন্য মাত্রায় নিয়ে যেতে চাইছেন উদ্যোক্তারা।পশ্চিম পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমিটির সহ-সম্পাদক শুভ্রাংশু দাস জানান,এবারের থিম এখনই প্রকাশ করা হবে না।দর্শকদের জন্য চমক থাকছে। প্রায় ১০ লক্ষ টাকার বাজেটে পূজার আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস,এবারের থিমও আগের বছরের মতো দর্শকদের মণ্ডপমুখী করবে এবং মালদার অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।