নয়া জামানা:নয়ডার একটি বহুতল আবাসনের ফ্ল্যাট থেকে দিল্লির প্রাক্তন মুখ্যসচিব রাকেশ মেহতার ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলে। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশের অনুমান, দীর্ঘদিনের মানসিক ও শারীরিক সমস্যায় জর্জরিত হয়েই বছর সত্তর পেরোনো এই প্রাক্তন আইএএস আধিকারিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, নয়ডার সেক্টর ৮২-র ওই আবাসনে একাই থাকতেন অবসরপ্রাপ্ত এই আমলা। তাঁর স্ত্রী সুমন্তী মেহতা তখন দেরাদুনে ছেলের কাছে ছিলেন। স্বামীর সঙ্গে বারবার ফোনে যোগাযোগ করতে না পেরে উদ্বিগ্ন হয়ে তিনি খবর পাঠান, এরপরই নয়ডার ফেজ-২ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় তা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ তাঁর নিথর দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হলে লোধি রোডের শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয়।উদ্ধার হওয়া সুইসাইড নোটে নিজের শারীরিক ও মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে চরম পদক্ষেপের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে তদন্তকারীদের দাবি। তবে হাতের লেখা সত্যিই প্রাক্তন মুখ্যসচিবের কি না, তা যাচাইয়ে ফরেন্সিক সহায়তা নিচ্ছে পুলিশ এবং তুলনার জন্য অন্যান্য নমুনাও সংগ্রহ করা হয়েছে।শীলা দীক্ষিতের মুখ্যমন্ত্রিত্বকালে ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত দিল্লির মুখ্যসচিব পদে ছিলেন মেহতা। রাজধানীর গণপরিবহনে লো-ফ্লোর বাসের প্রবর্তন ও পরিকাঠামো উন্নয়নে তাঁর উল্লেখযোগ্য ভূমিকা ছিল। দিল্লি পুরনিগমেও শীর্ষ পদে দায়িত্ব সামলেছেন তিনি।