নয়া জামানা,কলকাতা:ওয়ার্ড পুনর্বিন্যাস খসড়ার বিরুদ্ধে নাগরিক ও রাজনৈতিক দলগুলির আপত্তি শোনার প্রক্রিয়া শনিবার থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভায়। আগামী নভেম্বরের শেষে পুরভোটের আগে ২০৯টি ওয়ার্ড নিয়ে এই রূপান্তর প্রশাসনিক ও রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। পুরভবনের ১০টি ঘরে পুর ও নগরোন্নয়ন দপ্তরের দশজন ডবলিউবিসিএস অফিসার শুনানি পরিচালনা করছেন, যার সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন পুরকমিশনার স্মিতা পাণ্ডে।এদিন কংগ্রেস, বিজেপি, তৃণমূলের দুই শিবির এবং বামপন্থী দলের প্রতিনিধিরা অংশ নেন। বিরোধীদের অভিযোগ, নিয়ম অনুযায়ী প্রতিটি ওয়ার্ডে প্রায় ১৬ হাজার ভোটার থাকার কথা থাকলেও উত্তর কলকাতার বিজেপি-প্রভাবিত কয়েকটি ওয়ার্ডে ভোটার সংখ্যা কম হওয়া সত্ত্বেও পার্শ্ববর্তী ওয়ার্ডের সঙ্গে জোড়া হয়নি, অথচ অন্যত্র বেশি ভোটার থাকা ওয়ার্ডকেও জুড়ে দেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, বিজেপির কাউন্সিলর থাকা ওয়ার্ডগুলিতে ইচ্ছাকৃতভাবে নিয়ম মানা হয়নি।বিধায়ক জাভেদ খানের নেতৃত্বাধীন দল এবং কালীঘাট শিবিরের বৈশ্বানর চট্টোপাধ্যায়, অঞ্জন দাসরা পৃথকভাবে হাজির হলেও একই অভিযোগ তোলেন যে, বিজেপি দুর্বল এমন ৫৮টি ওয়ার্ড ভেঙে ১২৩টি করা হলেও বাকি ৮৬টি প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে, যা বিজেপির স্বার্থরক্ষা করছে। বিজেপি নেতা অশোক সিনহার নেতৃত্বে চার সদস্যের দল পাল্টা দাবি করে, হারের আশঙ্কাতেই বিরোধীরা অজুহাত তৈরি করছে।