নয়া জামানা,নয়াদিল্লি:বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার সম্প্রতি ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেন।হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মোদির জন্য বিশেষ এক উপহার নিয়ে এসেছিলেন দিল্লির বিখ্যাত স্মারক ইন্ডিয়া গেট-এর একটি প্রতিরূপ, যা তৈরি হয়েছিল খাঁটি বেলজিয়ান চকলেট দিয়ে। কিন্তু দুর্ভাগ্যক্রমে দীর্ঘ যাত্রাপথে সেই চকলেট-ভাস্কর্যটি নষ্ট হয়ে যায়।মজার ছলে ডে ওয়েভার বলেন, প্রকৃত ইন্ডিয়া গেট প্রায় একশো বছর ধরে অটুট দাঁড়িয়ে থাকলেও তার চকলেট সংস্করণ ভারতে পৌঁছানোর আগেই টিকে থাকতে পারেনি। তিনি রসিকতা করে আরও বলেন, চকলেট কূটনীতির জন্য চমৎকার হলেও দীর্ঘ কূটনৈতিক ভ্রমণের জন্য মোটেই উপযুক্ত নয়। তবে হতাশ না হয়ে তিনি আশ্বাস দেন, বেলজিয়ামে একটি বিকল্প সংস্করণ সংরক্ষিত আছে এবং যেকোনো উপায়ে তিনি সেটি অক্ষত অবস্থায় মোদির কাছে পৌঁছে দেবেন। তিনি জানান, ইন্ডিয়া গেটকে বেছে নেওয়া হয়েছিল সচেতনভাবেই, কারণ এটি ভারত-বেলজিয়াম সম্পর্কের ইতিহাস ও ভবিষ্যৎ অংশীদারিত্বের প্রতীক। প্রথম বিশ্বযুদ্ধে ফ্ল্যান্ডার্সের যুদ্ধক্ষেত্রে প্রাণ হারানো ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতেই চকলেট-ভাস্কর্যে বিশেষ উৎসর্গলিপিও যুক্ত করা হয়েছিল।এই মজাদার ঘটনা শুনে হাসি চেপে রাখতে পারেননি প্রধানমন্ত্রী মোদিও। পরে বেলজিয়াম দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে চকলেট-ইন্ডিয়া গেটের ছবি প্রকাশ করে জানায়, উপহারটি ভেঙে গেলেও তারা দৃঢ়প্রতিজ্ঞ-আগামীতে এটি ঠিকই মোদি ও ভারতের কাছে পৌঁছাবে।