নয়া জামানা:মূলত সেপ্টেম্বরে শুরুর কথা থাকলেও বিভিন্ন কারণে এক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল ইন্ডিয়ান সুপার লিগ। ফিফার আন্তর্জাতিক উইন্ডো শেষ হওয়ার পরই নতুন মরশুম শুরুর জল্পনা ছিল, আর শনিবার আনুষ্ঠানিক ঘোষণায় তাতে সিলমোহর পড়ল। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হবে আইএসএলের ত্রয়োদশ সংস্করণ, যা প্রথমবার আয়োজিত হবে অংশগ্রহণকারী ক্লাবগুলির যৌথ তত্ত্বাবধানে। ২০২৬-২৭ মরশুম চলবে আগামী বছরের মে মাস পর্যন্ত।গত মরশুমে ফুটবল ফেডারেশন সিঙ্গল লেগ ভিত্তিক সংক্ষিপ্ত লিগ আয়োজন করেছিল, যেখানে শেষ দিন পর্যন্ত পাঁচটি দল শিরোপার দৌড়ে ছিল। সমান পয়েন্ট পেলেও গোলপার্থক্যে মোহনবাগানকে টপকে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবার পুরনো ফরম্যাটেই ফিরছে টুর্নামেন্ট-গ্রুপ পর্বে শীর্ষে থাকা দল পাবে লিগ শিল্ড, আর প্লে-অফ শেষে ফাইনালজয়ী দল পাবে আইএসএল কাপ। শিল্ডজয়ী দলই হবে আনুষ্ঠানিক চ্যাম্পিয়ন এবং মহাদেশীয় প্রতিযোগিতায় খেলার যোগ্যতা অর্জন করবে।এফএসডিএলের পর নতুন কোনও সংস্থা মাস্টার রাইটস চুক্তিতে রাজি না হওয়ায় এবার ফেডারেশন ও ক্লাবগুলি যৌথভাবে লিগ পরিচালনা করছে, যা এই লিগের ইতিহাসে প্রথম। ফলে ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক সিদ্ধান্তে ক্লাবগুলির ভূমিকা বাড়বে। আসন্ন মরশুমে মোট ১৬৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।আইএফএল জয়ী ডায়মন্ড হারবার এফসি অংশগ্রহণ ফি জমা দিতে না পারায় ছিটকে গেছে, ফলে ১৩ দলের লিগ হবে অবনমনহীন। জামশেদপুর এফসি সরে দাঁড়ানোয় তাদের লাইসেন্সে খেলবে চার্চিল ব্রাদার্স।অংশগ্রহণকারী দল-বেঙ্গালুরু, চেন্নাইয়িন, চার্চিল ব্রাদার্স, ইস্টবেঙ্গল, এফসি গোয়া, ইন্টার কাশী, কেরালা ব্লাস্টার্স, মোহনবাগান, মুম্বই সিটি, নর্থ-ইস্ট ইউনাইটেড, ওড়িশা, পঞ্জাব ও স্পোর্টিং ক্লাব দিল্লি।
তৃণমূলই ফিরছে ! মীরের মন্তব্যে, বিদ্ধ হাত শিবির, ফুঁসছেন অধীর