নয়া জামানা:যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের উপর পুলিশি নির্যাতনের ঘটনাকে দুঃখজনক ও উদ্বেগজনক বলে মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়া। শুক্রবার দিল্লিতে একটি বই প্রকাশ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।ভারত সরকারের প্রাক্তন আইনজীবী যশবর্ধন আজাদ লিখেছেন পুলিশিং অ্যান্ড রিপাবলিক নামে একটি বই। সেই বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে বিচারপতি ভুঁইয়া বলেন, তরুণ আইপিএস অফিসাররা যেভাবে পড়ুয়াদের নির্যাতন করেছিলেন, তা দেখে সকলে হতাশ হয়েছেন। পুলিশের কাছ থেকে যে নিরপেক্ষতা প্রত্যাশিত, তা দেখা যাচ্ছে না বলেও তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, মহারাষ্ট্র পুলিশের প্রাক্তন ডিজি দি শিবানন্দন-সহ অন্যান্য বিশিষ্টজনেরা।এই মন্তব্যের কয়েকদিন আগেই সংশ্লিষ্ট মামলায় নজিরবিহীন পদক্ষেপ নিয়েছিল সুপ্রিম কোর্ট। যন্তর মন্তরে আন্দোলনরত পড়ুয়াদের বিরুদ্ধে থাকা সমস্ত এফআইআর খারিজ করে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ, এবং দেশের কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে তাঁদের বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়েরেও নিষেধাজ্ঞা জারি করা হয়। আদালতের পর্যবেক্ষণ, ন্যায়বিচারের দাবিতে সরল বিশ্বাসে আন্দোলনে সামিল হয়েছিলেন পড়ুয়ারা, তাই তাঁদের আইনি জটিলতার মুখে ফেলতে চায়নি আদালত। এক্ষেত্রে সংবিধানের বিরলভাবে ব্যবহৃত ১৪২ ধারা প্রয়োগের কথাও উল্লেখ করেন বিচারপতিরা, যা সুবিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টকে যে কোনও পদক্ষেপ নেওয়ার ক্ষমতা দেয়।নিট ইউজি প্রশ্নফাঁস-সহ শিক্ষা সংস্কারের দাবিতে গত ২০ জুলাই যন্তর মন্তর থেকে সংসদ অভিযানের ডাক দিয়েছিল পড়ুয়ারা। সেই মিছিলে পুলিশি বাড়াবাড়ির অভিযোগ ওঠে, প্রতিবাদে সামিল হয় বিরোধী দলগুলিও। পরে মামলা গড়ায় আদালতে, এবং ঘটনার তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করে সুপ্রিম কোর্ট।