নয়া জামানা:তৃণমূল আমলে রাজ্যের স্কুলশিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চাকরি দুর্নীতি থেকে শুরু করে পরিকাঠামোগত সমস্যা এবং স্কুলের পরিবেশ নষ্ট হওয়া নিয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতি থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে নতুন করে ঢেলে সাজাতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী। ইতিমধ্যেই জাতীয় শিক্ষা নীতির আওতায় নিয়ে আসা হয়েছে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে। এবার শিক্ষার মান আরও বাড়াতে বড় ঘোষণা করলেন তিনি সেন্ট্রাল স্কুলের ধাঁচে প্রতিটি জেলায় আপাতত দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠান তৈরি হবে, যার নাম দেওয়া হয়েছে সিএম শ্রী ইনস্টিটিউট।শনিবার শিক্ষক দিবস উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আয়োজিত বিদ্যাসাগর শিক্ষক সম্মান প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেই রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি বিগত তৃণমূল সরকারকে ফের একবার শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কটাক্ষ করেন তিনি। তাঁর দাবি, তৃণমূল আমলে রাজ্যের শিক্ষা পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে এবং দেশের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের শিক্ষার মান তলানিতে ঠেকেছে।মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের প্রতিটি জেলায় মুখ্যমন্ত্রী শ্রী বা সিএম শ্রী ইনস্টিটিউট তৈরি করা হবে। তিনি বলেন, জহর নবোদয় বিদ্যালয়ের মতো এই প্রতিষ্ঠানগুলিতে ষষ্ঠ শ্রেণি থেকে পরীক্ষার মাধ্যমে ভর্তি করা হবে। এগুলিকে একটি মডেল স্কুলেও পরিণত করা হবে। পাশাপাশি তিনি জানান, এই প্রতিষ্ঠানগুলিতে সেরা মানের শিক্ষক, আধুনিক ডিজিটাল ল্যাব ও স্মার্ট বোর্ডের মতো সুযোগ-সুবিধা থাকবে। সেন্ট্রাল স্কুলের আদলে প্রতিটি জেলায় প্রাথমিকভাবে দুটি করে এই প্রতিষ্ঠান তৈরি করার পরিকল্পনার কথাও জানান তিনি।আগামী দিনে রাজ্যের শিক্ষা ব্যবস্থার আরও উন্নয়নে একাধিক পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়ুয়াদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু রাখারও বার্তা দেন তিনি।