সাজাহান আলি,নয়া জামানা,পতিরাম: আগামী ১লা অগাস্ট থেকে সারা রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলাতেও শুরু হতে যাচ্ছে জনগণনা -২০২৭। দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কর্মসূচি শুরুর আগে মঙ্গলবার বালুরঘাটে বিশেষ ট্যাবলো উদ্বোধন করলেন জেলাশাসক বালা সুব্রামানিয়াম টি । বালুরঘাটে এদিন দুটি কর্মসূচি আয়োজিত হয়েছিল। প্রথম কর্মসূচি হিসাবে জনগণনা বিষয়ে জেলার বিভিন্ন প্রান্তে প্রচারের উদ্দেশ্যে যে বিশেষ ট্যাবলো তৈরি করা হয়েছে তার উদ্বোধন করেন জেলা শাসক।পরে তিনি বলেন,আগামী ১লা আগস্ট থেকে রাজ্যের সঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জনগণনা – ২০২৭ শুরু হচ্ছে। এবারের জনগণনা অনেকটা ভিন্ন প্রকৃতির। ১লা থেকে ১৫ই আগস্ট দেশের বাসিন্দারা নিজ বাড়িতে অনলাইনের মাধ্যমে জনগণনার জন্য প্রয়োজনীয় তথ্য আপলোড করবেন। এই তথ্যগুলি যাচাই করার জন্য এনামুরেটাররা ১৬ই আগস্ট থেকে ১৪ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলি যাচাই করবেন। যারা অনলাইনে তথ্য পূরণ করতে পারবেন না সে সমস্ত ব্যক্তিদের জনগণনার প্রয়োজনীয় তথ্য বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করা হবে। জেলাশাসক আরো বলেন ,সাধারণ মানুষের মধ্যে জনগণনার বিষয়টি নিয়ে প্রচার , সচেতনতা ও উৎসাহ বৃদ্ধির জন্য এই ট্যাবলো জেলার আটটি ব্লকের ৬৪ টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় পরিক্রমা করবে। এই কাজে জেলাবাসীকে পূর্ণ সহযোগিতা করার জন্য জেলা শাসক আহ্বান জানান।দ্বিতীয় পর্বে বালুরঘাটের বালুছায়া সভাকক্ষে জেলাশাসক , জেলার বিধায়কগণ , পঞ্চায়েতের সংশ্লিষ্ট আধিকারিক ও জনপ্রতিনিধি , বিদ্যুৎ দপ্তরের লোকজন সবাইকে নিয়ে ১২৫ দিনের কাজ শুরুর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। ভিবিজি রামজি নামের এই কাজের প্রকল্প যথাশীঘ্র দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হতে চলেছে বলে জেলা শাসক জানান। তিনি বলেন,এই কাজকে সফল করে তোলার জন্য পঞ্চায়েতের আধিকারিক থেকে জনপ্রতিনিধি ,জেলা ও ব্লক প্রশাসন তথা বিভিন্ন বিভাগের সহযোগিতা বিশেষ গুরুত্বপূর্ণ। এই বিষয় নিয়ে প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েত স্তরে সাধারণ মানুষকে সচেতন করতে এবং ১২৫ দিনের কাজের প্রকল্পকে সফল করে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে বলে জানান। একদিকে জনগণনা অন্যদিকে ১২৫ দিনের কাজের প্রকল্প দক্ষিণ দিনাজপুর জেলায় সফল করে তুলতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন জেলাশাসক।
রথযাত্রায় রাজ্য সরকারের উপহার, পশ্চিম বর্ধমানের ৪ কমিটিকে ৫ লক্ষ টাকার অনুদান