নয়া জামানা, সালানপুর: ন্যায্য মজুরি ও ঠিকাদারি প্রথার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে সালানপুর বিডিও অফিসের সামনে তুমুল বিক্ষোভ দেখালেন রূপনারায়ণপুর এলাকার সাফাই কর্মীরা। দীর্ঘ ২৫ বছর ধরে এলাকার পরিচ্ছন্নতার দায়িত্ব সামলানো এই কর্মীদের অভিযোগ, গত দু’বছর আগে রাজনৈতিক মদতে পরিচ্ছন্নতা ব্যবস্থাকে ‘ঠিকা সিস্টেমে’ রূপান্তর করার পর থেকেই তাদের ওপর চরম আর্থিক শোষণ শুরু হয়েছে।
বিক্ষোভকারীদের দাবি, একই কাজ করা সত্ত্বেও কর্মীদের বেতনে ব্যাপক বৈষম্য করা হচ্ছে— কেউ পাচ্ছেন ৯ হাজার, কেউ ৭ হাজার, আবার কাউকে দেওয়া হচ্ছে মাত্র ৩ হাজার টাকা। এই নামমাত্র পারিশ্রমিকও মাসের শেষে সময়মতো মিলছে না। প্রতি মাসে ঠিকাদার বদল হলেও বেতন বাড়ার বদলে উল্টে কমছে। পাশাপাশি, আবর্জনা ফেলার গাড়িগুলির শোচনীয় অবস্থার কারণে সামান্য টাকা থেকে মেরামতির খরচ টানতে গিয়ে দিশেহারা কর্মীরা।
এই পরিস্থিতিতে বৈষম্যমূলক ‘ঠিকা প্রথা’ দূর করা, সরকারি নিয়ম মেনে পিএফ ও ইএসআই-এর সুবিধা দেওয়া, নির্দিষ্ট পোশাক এবং সম-মজুরি নিশ্চিত করার দাবিতে বিডিও-র দ্বারস্থ হয়েছেন কর্মীরা। তাঁদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে সরকারি খরচে গাড়ি মেরামত ও সমস্ত দাবি পূরণ না হলে আগামী দিনে রূপনারায়ণপুর এলাকায় সাফাই পরিষেবা সম্পূর্ণ বন্ধ করে বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা। অন্যদিকে, ব্লক প্রশাসন জানিয়েছে যে তারা কর্মীদের দাবিগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে।
বকেয়া ডিএ-র দাবিতে উত্তাল বীরভূম, শিক্ষক ও সরকারি কর্মীদের ধর্মঘট ও ব্যাপক মিছিল!