সাজাহান আলি, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: ১৯ তম বিধানসভা নির্বাচনের বহু প্রতীক্ষিত ফলাফল এখন মাঝপথে । দুপুর বারোটা পর্যন্ত গণনার পর দেখা যাচ্ছে , দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ও হরিরামপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা এগিয়ে রয়েছেন। কুমারগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী ও গত দুইবারের বিধায়ক তোরাফ হোসেন মন্ডল বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের চেয়ে ৭২১৭ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। এই কেন্দ্রে সিপিএম প্রার্থী মোফাজ্জল হোসেন তৃতীয় স্থানে রয়েছেন। পাশাপাশি জেলার মন্ত্রী তথা বিদায়ী বিধায়ক বিপ্লব মিত্র তার নিকটতম বিজেপি প্রার্থীর চেয়ে কিছু ভোটে এগিয়ে রয়েছেন।অন্যদিকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভা আসনে বিজেপি প্রার্থী ৭ হাজার ৭১৬ ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন । জেলা শহর বালুরঘাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ৮ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষের চেয়ে এগিয়ে রয়েছেন। তপন বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী বুধরাই টুডু মাত্র ৪০৮ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামণি বিহার চেয়ে এগিয়ে রয়েছেন । গঙ্গারামপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় ৬২৮৬ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দাসের চেয়ে এগিয়ে রয়েছেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলায় তৃণমূল কংগ্রেস পেয়েছিল কুশমন্ডি , কুমারগঞ্জ ও হরিরামপুর বিধানসভা আসন।পক্ষান্তরে বিজেপির দখলে ছিল তপন , গঙ্গারামপুর ও বালুরঘাট বিধানসভা কেন্দ্র । এবার ফলাফলের যা গতিপ্রকৃতি তাতে এই জেলায় কিছুটা হেরফের হলেও হতে পারে । যদিও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত এখনই এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
উত্তর দিনাজপুরে ভোটের দিন প্রার্থীদের ভোটদান, অভিযোগ–পাল্টা অভিযোগে উত্তপ্ত একাধিক কেন্দ্র