আমিনুর রহমান,নয়া জামানা, বর্ধমান : পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন বিধানসভা কেন্দ্রে ভোটগণনার একাধিক রাউন্ড শেষে চিত্র ক্রমশ স্পষ্ট হচ্ছে। বেশ কয়েকটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে কোথাও বিজেপি, কোথাও তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। ফলে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে।
পূর্বস্থলী উত্তর কেন্দ্রে তৃতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী গোপাল চট্টোপাধ্যায় ১৬,৫০২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে ১১,২৯০ ভোট। রায়না কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী মন্দিরা দলুই ২৫,৫৯৩ ভোট নিয়ে এগিয়ে, বিজেপির প্রাপ্ত ভোট ১৬,৩৩৩। ভাতার কেন্দ্রে পঞ্চম রাউন্ড শেষে বিজেপি সামান্য ব্যবধানে এগিয়ে—তাদের ভোট ৩৬,৩৪২, তৃণমূলের ৩৩,৭২১।
কেতুগ্রাম কেন্দ্রে তৃণমূল ৬,৪১৬ ভোট নিয়ে এগিয়ে থাকলেও বিজেপি ৫,৩৫২ ভোটে পিছিয়ে থেকে প্রতিদ্বন্দ্বিতা জারি রেখেছে। আউসগ্রাম কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী কলিতা মাঝি ৩০,৩১১ ভোট পেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে, তৃণমূলের ভোট ২৯,০৬৪। মঙ্গলকোট কেন্দ্রে দ্বিতীয় রাউন্ড শেষে বিজেপি প্রার্থী শিশির ঘোষ ১৫,৬৫২ ভোট নিয়ে এগিয়ে রয়েছেন, তৃণমূল পেয়েছে ১০,৮৭৪।
অন্যদিকে পূর্বস্থলী দক্ষিণ কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ ২,৬২৯ ভোটে পিছিয়ে, বিজেপি প্রার্থী প্রাণকৃষ্ণ তপাদার এগিয়ে রয়েছেন। কালনা কেন্দ্রে দশম রাউন্ড শেষে বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার ৮,৩৮৪ ভোটে এগিয়ে, তৃণমূলের দেবপ্রসাদ বাগ পিছিয়ে।
বর্ধমান দক্ষিণ কেন্দ্রে চতুর্থ রাউন্ড শেষে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস ২৪,৫৫৬ ভোট পেয়ে এগিয়ে, তৃণমূল প্রার্থী খোকন দাস পেয়েছেন ২২,০৬৮ ভোট।
সামগ্রিকভাবে দেখা যাচ্ছে, পূর্ব বর্ধমানের একাধিক কেন্দ্রে ফলাফল এখনও নির্ণায়ক নয়। প্রতিটি রাউন্ডের সঙ্গে সঙ্গে পাল্টে যাচ্ছে ব্যবধান, ফলে চূড়ান্ত ফলাফলের জন্য রাজনৈতিক শিবিরগুলির পাশাপাশি সাধারণ মানুষের নজর এখন গণনার পরবর্তী ধাপগুলির দিকেই।