নয়া জামানা,কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আজাদি স্লোগান নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার কড়া হুঁশিয়ারি দেওয়ার পরই এই পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ঘটনাগুলি নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তুলে রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যের দ্বারস্থ হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে সংগঠনের পক্ষ থেকে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে মূলত পিএইচডি সংক্রান্ত দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে।পাশাপাশি বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ওঠা দেশবিরোধী কার্যকলাপের অভিযোগেও উচ্চপর্যায়ের তদন্তের আর্জি জানানো হয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী ফলক ভাঙার ঘটনায় অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবিও তোলা হয়েছে, এবং এই ঘটনায় আচার্য অথবা উচ্চশিক্ষা দফতরের উদ্যোগে নিরপেক্ষ তদন্ত চাওয়া হয়েছে। এছাড়া জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে এবিভিপি।
রাজ্যপালের কাছে যাওয়া প্রতিনিধিদলে ছিলেন এবিভিপির কেন্দ্রীয় কার্যসমিতির সদস্য শুভব্রত অধিকারী, প্রদেশ সম্পাদক নীলকণ্ঠ ভট্টাচার্য, যাদবপুর বিশ্ববিদ্যালয় ইউনিট সম্পাদক সঞ্জীবন দীপ বর্মন, গবেষক শুভজিৎ সাহা এবং অনিন্দিতা দাস।এ প্রসঙ্গে নীলকণ্ঠ ভট্টাচার্য বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ক্ষেত্রে যে কোনও অভিযোগ বা অনিয়মকে রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষার পরিবেশ, প্রশাসনিক স্বচ্ছতা এবং ছাত্রছাত্রীদের স্বার্থ সুরক্ষিত রাখতে প্রতিটি অভিযোগের যথাযথ তদন্ত প্রয়োজন। উত্থাপিত অভিযোগগুলির দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ও প্রশাসনিক ব্যবস্থা নিয়ে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ করতে হবে।