নয়া জামানা : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধির উপর নজর রাখছিল জঙ্গিরা— এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বর্ধমান থেকে গ্রেফতার হওয়া সন্দেহভাজন জইশ জঙ্গি হামিম মণ্ডলকে জেরা করে। এই তথ্য সামনে আসার পরই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। তাঁর জন্য বিশেষভাবে বুলেটপ্রুফ গাড়ির ব্যবস্থা করা হয়েছে। রবিবার কাঁথির বাড়ি থেকে সেই বুলেটপ্রুফ গাড়িতেই কলকাতার উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী।
বেঙ্গল এসটিএফের হাতে সন্দেহভাজন জইশ জঙ্গি হামিম গ্রেফতার হওয়ার পর থেকেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ প্রকাশ পায়। বর্তমানে মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও। তবে এতদিন শুভেন্দু অধিকারী যে গাড়িতে যাতায়াত করতেন, সেটি বুলেটপ্রুফ ছিল না। হামিম গ্রেফতারের পর জানা যায়, পাকিস্তান থেকে হ্যান্ডলাররা মুখ্যমন্ত্রীর গতিবিধি সংক্রান্ত তথ্য চেয়েছিল এবং তাঁর কোনও ‘আনগার্ডেড মুভমেন্ট’ নজরে এলে তা জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
এই ঘটনার পর রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং শনিবার মন্তব্য করেন, মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা উচিত এবং তাঁর গাড়িতে জ্যামার থাকা প্রয়োজন। একই সুরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পালও জানান, মুখ্যমন্ত্রীর বুলেটপ্রুফ গাড়িতেই চলাচল করা উচিত।
এরপর রবিবার দেখা যায়, কাঁথির বাড়ি থেকে বুলেটপ্রুফ গাড়িতেই কলকাতার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, শনিবারও তিনি কাঁথির বাড়িতে ফিরেছিলেন, তখন তাঁর পুরনো গাড়িতেই ছিলেন তিনি। রবিবারও সেই পুরনো গাড়িটি সেখানে উপস্থিত ছিল, তবে এবার তিনি বুলেটপ্রুফ গাড়িতেই ওঠেন।
এই বিষয়ে মুখ্যমন্ত্রীর ভাই তথা এগরার বিজেপি বিধায়ক দিব্যেন্দু অধিকারী জানান, বাংলার মানুষ শুভেন্দু অধিকারীর পাশে রয়েছেন। পরিবারের সদস্য হিসেবে তাঁরা পশ্চিমবঙ্গ পুলিশ, এসটিএফ এবং কেন্দ্রীয় বাহিনীর উপর পূর্ণ আস্থা রাখেন বলে জানান তিনি, এবং আশাপ্রকাশ করেন যে রাজ্যের প্রতিটি মানুষ সুরক্ষিত থাকবেন। হামিমকে গ্রেফতারের জন্য রাজ্য পুলিশকে ধন্যবাদও জানান তিনি।
মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পছন্দ করেন এবং প্রায়ই তাঁদের কাছাকাছি পৌঁছে যান— এই প্রবণতা নিয়ে পরিবার উদ্বিগ্ন কি না, জানতে চাইলে দিব্যেন্দু অধিকারী বলেন, শনিবার যেভাবে তিনি বাড়ি এসেছিলেন, রবিবারও একইভাবে গিয়েছেন এবং নিরাপত্তায় বাড়তি কিছু লক্ষণীয় পরিবর্তন নেই। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী জনপ্রতিনিধি হিসেবে উন্নয়ন সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চান, এবং প্রয়োজনে তার জন্য প্রাণ দিতেও তাঁরা প্রস্তুত।
ঘরছাড়া কর্মীদের ফেরাবে বিজেপি-শর্ত বেঁধে বিরোধী দলনেতাকে আশ্বাস মুখ্যমন্ত্রীর