নয়া জামানা, মালদা: ইংরেজবাজার শহরের ব্যস্ত রাস্তায় রাতের অন্ধকারে ফের দুঃসাহসিক ছিনতাই। চলন্ত বাইকে থাকা এক গৃহবধূর গলা থেকে মুহূর্তের মধ্যে সোনার হার ছিনিয়ে চম্পট দিল দুই বাইক আরোহী দুষ্কৃতী।বুধবার রাতে ঘটনাটি ঘটে ইংরেজবাজার থানার দুর্গাবাড়ি মোড় এলাকায়।জানা গিয়েছে,অনুশ্রী বসাক ও তাঁর স্বামী জয়দীপ বসাক বিএস রোডের একটি অনুষ্ঠানবাড়িতে নিমন্ত্রণ সেরে বাইকে করে বাড়ি ফিরছিলেন। গীতাঞ্জলি লজে রাতের খাবার খেয়ে ফেরার পথে দুর্গাবাড়ি মোড়ে পৌঁছাতেই পিছন থেকে একটি বাইকে এসে দুই দুষ্কৃতী আচমকা অনুশ্রীর গলা থেকে সোনার হার ছিনিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে পড়েন দম্পতি।এরপর তারা ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।শহরের মাঝখানে এমন বেপরোয়া ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করে ছিনতাই হওয়া সোনার হার উদ্ধার এবং শহরে নিরাপত্তা আরও জোরদারের দাবি তুলেছেন আক্রান্ত দম্পতি।