সুবল গোপ, নয়া জামানা, চোপড়া: রাজ্যে রাজনৈতিক পালা বদল হতেই চোপড়া বিধানসভা এলাকায় প্রতিটি অঞ্চলে নতুন দলীয় কার্যালয় খুলল ভারতীয় জনতা পার্টি।বৃহস্পতিবার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের তিনমাইল এলাকায় আনুষ্ঠানিক ভাবে বিজেপির একটি নতুন দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়।
চোপড়া বিধানসভা এলাকার বিজেপির অন্যতম শক্তঘাঁটি হিসেবে পরিচিত তিন মাইল এলাকায় নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে দলীয় কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়।উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির পাশাপাশি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। এদিন উপস্থিত ছিলেন বিজেপির বিধানসভা কনভেনার মিহির দাস, বিজেপি জেলা সদস্য সুবোধ সরকার, ১ নম্বর মন্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ, ৩ নম্বর মন্ডল সভাপতি প্রদীপ রায় সহ অন্যান্য নেতৃত্বরা।১ নম্বর মন্ডল সভাপতি সুরেন্দ্র প্রসাদ জানান, তিনমাইল এলাকা সংলগ্ন ৬-৭টি বুথে বিজেপির নিরঙ্কুশ প্রাধান্য রয়েছে। বিপুল কর্মী সংখ্যার কথা মাথায় রেখে এবং এলাকার সাধারণ মানুষকে সরাসরি পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই দলীয় কার্যালয় তৈরি করা হয়েছে।পাশাপাশি, যাতায়াতের পথে শীর্ষ নেতৃত্ব ও কর্মীরা এখানে বসে সাংগঠনিক আলোচনা ও বিশ্রামের সুযোগ পাবেন বলেও তিনি উল্লেখ করেন। নতুন কার্যালয় পাওয়ায় স্বভাবতই খুশির হাওয়া স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে।