নয়া জামানা,মালদা:রাখী পূর্ণিমার দিন নিজের বাড়ির বেডরুমেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার হল এক ব্যক্তির নিথর দেহ।হাতে তখনও জড়ানো ছিল রাখী। শুক্রবার দুপুরে মালদা শহরের ৪ নম্বর ওয়ার্ডের ২ নম্বর গভমেন্ট কলোনি এলাকায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।মৃতের নাম অর্ণব সেন (৫৫)। স্থানীয়দের কাছে তিনি পল্টু নামে পরিচিত ছিলেন। অবিবাহিত অর্ণববাবুর মালদার পাশাপাশি কলকাতার যাদবপুরেও একটি বাড়ি রয়েছে।
মালদার বাড়ির নিচতলায় তিনি একাই থাকতেন।দাদা থাকেন দ্বিতীয় তলায় এবং ভাইয়ের পরিবার তৃতীয় তলায়।
পরিবার সূত্রে জানা যায়,গত বুধবার যাদবপুরের বাড়ি থেকে মালদায় ফেরেন অর্ণববাবু। শুক্রবার দুপুর ১২টা নাগাদ তাঁর বেডরুমে রক্তাক্ত অবস্থায় তাঁকে পড়ে থাকতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায়।খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ও জেলা পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠান। শুরু হয় তদন্ত।স্থানীয়দের দাবি, ঘটনার সময় পাশের রান্নাঘরে ইনডাকশন জ্বলছিল এবং তাতে চা গরম হচ্ছিল।মৃতের হাতে রাখী থাকায় পরিচিত কেউ এই ঘটনায় জড়িত থাকতে পারে বলে সন্দেহ স্থানীয়দের একাংশের।
তবে অর্ণববাবুর দাদা ও এক কাকাতো বোনের দাবি,কারও সঙ্গে তাঁর কোনও শত্রুতা ছিল না। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অপু সাহা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন। খুনের নেপথ্যে কী কারণ তা জানতে তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।