নয়া জামানা, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের ভরতপুর থানার শেখপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এক মর্মান্তিক দুর্ঘটনায় মাটির বাড়ির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল এক প্রবীণ দম্পতির। মৃতদের নাম সৈয়দ মানোয়ার আলী (৬১) এবং তাঁর স্ত্রী জাহানারা বেগম (৬০)। জুম্মার নামাজের ঠিক আগে ঘটে যাওয়া এই আকস্মিক দুর্ঘটনায় গোটা গ্রামজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে নিজেদের মাটির ঘরেই অবস্থান করছিলেন মানোয়ার আলী ও তাঁর স্ত্রী। সেই সময় তাঁদের সঙ্গে ছিল ১৩ বছরের নাতি ফারহান। আচমকাই ঘরটির একটি ভারী মাটির দেওয়াল ভেঙে পড়ে। দেওয়াল ধসে পড়ার মুহূর্তে ফারহান অলৌকিকভাবে ও চপলতায় দ্রুত ঘর থেকে বাইরে বেরিয়ে আসতে সক্ষম হলেও, মানোয়ার বাবু ও জাহানারা বেগম ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যান। চোখের সামনে এমন ভয়াবহ দৃশ্য দেখে কান কান্নায় ভেঙে পড়ে বালক ফারহান।
ঘটনার আকস্মিকতায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। খবর পাওয়ামাত্রই ভরতপুর থানার পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে ভরতপুর থানার এএসআই শফিকুল ইসলাম ও স্থানীয় বাসিন্দারা একযোগে হাত লাগান। জীবন বাজি রেখে প্রায় এক ঘণ্টার চরম তৎপরতায় ধ্বংসস্তূপ সরিয়ে দম্পতিকে উদ্ধার করা হয়।
তড়িঘড়ি দু’জনকে ভরতপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। সেখানকার কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষার পর সৈয়দ মানোয়ার আলী ও জাহানারা বেগম দুজনকেই মৃত বলে ঘোষণা করেন। এই করুণ পরিণতিতে পরিজন ও প্রতিবেশীদের কান কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে।