সুজিত দত্ত,নয়া জামানা,পূর্ব বর্ধমান:জরিমানা নয়… পুলিশের হাতে নেই চালান বই।অথচ রাস্তায় নেমেই থমকে গেলেন বাইক আরোহীরা।কারণ তাঁদের সামনে দাঁড়িয়ে স্বয়ং ‘যমরাজ’।
হ্যাঁ, অবাক করা এই দৃশ্য ধরা পড়েছে বর্ধমানের কার্জন গেট চত্বরে। পথ নিরাপত্তা সপ্তাহে সচেতনতার বার্তা ছড়াতে অভিনব উদ্যোগ নিল বর্ধমান ট্রাফিক পুলিশ।মাথায় মুকুট,হাতে গদা যমরাজের বেশে এক শিল্পী হেলমেট ছাড়া বাইক আরোহীদের বলছেন, “হেলমেট না পরলে… পরের স্টপ আমার দরবার!” রসিকতার এই বার্তাতেই থেমে যাচ্ছে বেপরোয়া গতি, মুখে ফুটছে হাসি, আর বাড়ছে সচেতনতা।
শুধু বাইক আরোহীই নন সিট বেল্ট ছাড়া গাড়িচালক এবং এয়ার হর্ন ব্যবহারকারী ভারী যানবাহনের চালকদেরও সতর্ক করে ট্রাফিক পুলিশ।হেলমেট পরা চালকদের দেওয়া হয় ‘হেলমেট হিরো’ ব্যাজ আর যাঁরা হেলমেট ছাড়া এসেছেন তাঁদের হাতে তুলে দেওয়া হয় ‘প্রতিশ্রুতি কার্ড’-অঙ্গীকার, এবার থেকে হেলমেট পরেই বাইক চালাবেন।চালানের ভয় নয় সচেতনতার শক্তিতেই নিরাপদ সড়ক গড়ে তোলার বার্তা দিল বর্ধমান ট্রাফিক পুলিশ।আর সেই কারণেই আজ রাস্তায় সবচেয়ে বড় আকর্ষণ স্বয়ং যমরাজ!