রাকেশ লাহা, নয়া জামানা, জামুড়িয়া: পশ্চিম বর্ধমানের জামুড়িয়া বিধানসভার ডোবরানা গ্রাম পঞ্চায়েতের লোয়ার কেন্দা কোলিয়ারি এলাকায় একসঙ্গে ২৫ থেকে ৩০টি নতুন ভোটার কার্ড উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, সরকারি স্পিড পোস্টের মাধ্যমে পাঠানো এই কার্ডগুলি ভোটের আগেই পৌঁছানোর কথা থাকলেও প্রকৃত প্রাপকরা তা পাননি। এলাকার একটি ক্লাবের সদস্যরা আচমকাই কার্ডগুলি এক জায়গায় জমা অবস্থায় উদ্ধার করেন।
বিষয়টি জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ক্লাবে এসে নিজেদের কার্ড সংগ্রহ করেন। অবশিষ্ট কার্ডগুলি শনিবার সকালে ক্লাবের পক্ষ থেকে প্রাপকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর কার্ড হাতে পেয়ে বাসিন্দারা খুশি হলেও, ডাকবিভাগের এই চরম গাফিলতি ও ডেলিভারি ব্যবস্থা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তাঁদের অভিযোগ, সময়মতো কার্ড না পেয়ে অনেকেই বাধ্য হয়ে অনলাইনে বাড়তি টাকা খরচ করে ই-ভোটার কার্ড প্রিন্ট করেছিলেন। এই ঘটনার পেছনে কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখতে প্রশাসনের কাছে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জামুড়িয়ায় প্রাক্তন কাউন্সিলারের বাড়ির অদূরে উদ্ধার একাধিক আধার কার্ড – তদন্তের দাবি বিজেপি নেতার