মোহাম্মদ আলম, ইসলামপুর: মানবপাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল ইসলামপুর পুলিশ জেলা। ড্রোনের সাহায্যে নজরদারি চালিয়ে ইসলামপুরের চম্পাবাগ নিষিদ্ধপল্লী থেকে উদ্ধার করা হয়েছে বিহারের ১৭ জন নাবালিকাকে। এই ঘটনায় চারজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গোপন সূত্রে খবর আসে যে বিহার থেকে একাধিক নাবালিকাকে পাচার করে চম্পাবাগ এলাকার নিষিদ্ধপল্লীতে এনে রাখা হয়েছে। খবর পেয়েই ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে বিশেষ অভিযান শুরু হয়। অভিযানে প্রথমবারের মতো ড্রোন ব্যবহার করে গোটা এলাকায় নজরদারি চালানো হয়।পুলিশের দাবি, ড্রোনের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে আগে থেকেই এলাকায় গোপনে মোতায়েন থাকা পুলিশকর্মীরা চারজনকে আটক করেন। পরে তাঁদের গ্রেফতার করা হয়। একই অভিযানে উদ্ধার করা হয় ১৭ জন নাবালিকাকে।ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপার রাকেশ সিং জানান, এটি পুলিশের একটি বড় সাফল্য। প্রাথমিক তদন্তে একটি বড় মানবপাচার চক্রের যোগসূত্র মিলেছে বলে মনে করা হচ্ছে। উদ্ধার হওয়া সকলেই বিহারের বাসিন্দা। ধৃতদের শনিবার ইসলামপুর মহকুমা আদালতে তোলা হয়।পাশাপাশি উদ্ধার হওয়া নাবালিকাদের কাউন্সেলিং ও প্রয়োজনীয় আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মানবপাচার চক্রের সঙ্গে জড়িত বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অপরাধ রুখতে সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।