তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: বীরভূমের সিউড়ী শহরের সিউড়ী বিদ্যাসাগর কলেজ-এ মঙ্গলবার ভর্তি প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কলেজ চত্বর। ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া-র সমর্থকদের মধ্যে বচসা থেকে হাতাহাতির ঘটনা ঘটে, যার জেরে কিছু সময়ের জন্য চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।এবিভিপি-র অভিযোগ, তাদের এক মহিলা সদস্যের মুখ বাদ দিয়ে তাঁর শরীরের অংশের ছবি তোলেন এসএফআই-র এক সমর্থক। অভিযোগ সামনে আসতেই কলেজ চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর ওই এসএফআই সমর্থককে মারধর করা হয় এবং তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। পরে দুই ছাত্র সংগঠনের সমর্থকদের মধ্যে ব্যাপক ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ী থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে অভিযুক্ত এসএফআই সমর্থক ওই মহিলা সদস্যের কাছে ক্ষমা চেয়ে নিলে আপাতত বিষয়টির মীমাংসা হয় বলে জানা গিয়েছে।অন্যদিকে, এসএফআই-র দাবি, ভর্তি প্রক্রিয়ার সময় তাদের হেল্প ডেস্ক তুলে দেওয়ার উদ্দেশ্যেই এই ঘটনার পিছনে চক্রান্ত করা হয়েছে। সংগঠনের অভিযোগ, পরিকল্পিতভাবে এই ইস্যুকে সামনে এনে তাদের সংগঠনকে হেয় করার চেষ্টা করা হয়েছে।ঘটনাকে কেন্দ্র করে কলেজের ছাত্র রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যদিও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, তবুও এই ঘটনাকে ঘিরে দুই ছাত্র সংগঠনের মধ্যে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।