নয়া জামানা, মালদহ: মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ভাবুক অঞ্চলের সৈয়দপুর এলাকায় কেন্দ্রীয় সরকারের উদ্যোগে গড়ে উঠতে চলেছে একটি জওহর নবোদয় বিদ্যালয়। সিবিএসই বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত এই আবাসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি স্থাপনের জন্য বৃহস্পতিবারই রাজ্য সরকারের পক্ষ থেকে ১১ একর জমি হস্তান্তরের সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে।এই গুরুত্বপূর্ণ ঘোষণার ঠিক পরদিনই, অর্থাৎ শুক্রবার, পুরাতন মালদার ভাবুক অঞ্চলের সৈয়দপুর মৌজায় প্রস্তাবিত বিদ্যালয়ের জমি পরিদর্শনে যান মালদা বিধানসভার বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তাঁর সাথে জমি পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। তাঁরা সকলে মিলে সৈয়দপুর এলাকার চিহ্নিত জমিটি খুঁটিয়ে ঘুরে দেখেন। এদিন বিধায়ক গোপাল চন্দ্র সাহা জানান, কেন্দ্রীয় সরকার মালদা জেলায় এই প্রথম একটি জওহর নবোদয় বিদ্যালয় গড়ে তোলার বড় উদ্যোগ নিয়েছে। রাজ্য মন্ত্রীসভার ক্যাবিনেটও দ্রুততার সাথে এই কাজের জন্য ১১ একর জমি হস্তান্তরের সিদ্ধান্তকে অনুমোদন দিয়েছে। বিধায়ক আশা প্রকাশ করেন যে, এই আবাসিক ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি চালু হলে সমগ্র মালদাবাসী দারুণভাবে উপকৃত হবেন। বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া ও গরীব পরিবারের ছেলেমেয়েরা সম্পূর্ণ বিনামূল্যে এখানে উচ্চমানের পড়াশোনার সুবর্ণ সুযোগ পাবে।
সরকারি জমিতে তৃণমূল কর্মীর বাড়ি! অভিযোগ দায়ের পঞ্চায়েত প্রশাসনে, ঘটনাস্থলে পুলিশ