টিনা প্রামাণিক, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে ফের জয়জয়কার বাঙালির। বিশ্ব চলচ্চিত্রের সবথেকে বড় এবং মর্যাদাপূর্ণ মঞ্চ ‘কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এর রেড কার্পেটে এবার ইতিহাস তৈরি করলেন বাংলার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটার নিরঞ্জন মণ্ডল, সোশ্যাল মিডিয়া দুনিয়ায় যিনি ‘লাফটারসেন’ নামেই পরিচিত। প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটার হিসেবে কানের লাল গালিচায় পা রেখে এক অনন্য নজির গড়লেন তিনি। তবে শুধু উপস্থিতিতেই নয়, কানের মঞ্চে নিরঞ্জন নজর কাড়লেন তাঁর সম্পূর্ণ ব্যতিক্রমী এবং খাঁটি অনবদ্য বাঙালি সাজে।
ডিজিটাল দুনিয়ায় নিজের তৈরি মজাদার কনটেন্ট এবং অভিনয়ের মাধ্যমে বিপুল জনপ্রিয়তা পেয়েছেন নিরঞ্জন। ওটিটি প্ল্যাটফর্মে একটি জনপ্রিয় ওয়েব সিরিজেও ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ফেলেছেন তিনি। তবে এবার কানের রেড কার্পেটে তাঁর এই রাজকীয় রূপ দেখে রীতিমতো অবাক এবং উচ্ছ্বসিত বাংলার নেটনাগরিকরা। আন্তর্জাতিক ফ্যাশনের চেনা ছক ভেঙে পোশাক ও চালচলনে পুরোদস্তুর বাঙালিয়ানাকেই তুলে ধরেছেন তিনি। কান-এর মঞ্চে নিরঞ্জনের পরনে ছিল সাদা পাড়ের ও সুতোর কাজ করা ট্র্যাডিশনাল সাদা ধুতি এবং সাদা কুর্তা। তার ওপর তিনি চাপিয়েছিলেন একটি বন্ধ গলা কালো গলাবন্ধ জ্যাকেট। তবে তাঁর এই বনেদি সাজে আসল চমক ছিল একটি সোনালি চেনের ভিন্টেজ পকেট ওয়াচ, যা এককালে জমিদার বাবুদের আভিজাত্যের প্রতীক ছিল। এখানেই শেষ নয়, বাঙালি মানেই যে মৎস্যপ্রেমী, তা মনে করিয়ে দিতে তাঁর ধুতির পাড়ে সুতোর কাজে ফুটিয়ে তোলা হয়েছিল বিশেষ মাছের নকশা।
বিশ্বের তাবড় তারকাদের ভিড়ে কানের লাল গালিচায় হেঁটে কেমন অনুভূতি হল তাঁর? সঞ্চালিকার এই প্রশ্নের উত্তরে ‘লাফটারসেন’ বেশ আবেগপ্রবণ হয়েই জানান, তিনি কিছুটা নার্ভাস, তবে নিজের দেশের ও রাজ্যের প্রতিনিধিত্ব করতে পেরে ভীষণ এক্সাইটেড এবং গর্বিত। নিজের তৈরি বিভিন্ন জনপ্রিয় চরিত্রের মধ্যে অন্যতম সেরা ‘মিতা আন্টি’ চরিত্রটিকেও তিনি রসিকতা করে কানের রেড কার্পেটে সঙ্গে নিয়ে হাঁটার ইচ্ছা প্রকাশ করেন। সোশ্যাল মিডিয়ায় নিরঞ্জনের এই ট্র্যাডিশনাল লুকের ছবি আসতেই তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বাংলার অন্যান্য কনটেন্ট ক্রিয়েটার থেকে শুরু করে সাধারণ অনুরাগী— সকলেই আন্তর্জাতিক মঞ্চে বাংলার নাম উজ্জ্বল করার জন্য তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন।
আরও পড়ুন:
কানের মঞ্চে আলিয়াকে সমালোচনা ও ট্রল! পাশে পেলেন শাশুড়িমা ও তারকাদের অকুণ্ঠ সমর্থন