নয়া জামানা, কলকাতা: রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই নারী নিরাপত্তা এবং জনপরিষেবা উন্নত করতে তৎপর হয়েছে নতুন বিজেপি সরকার। দায়িত্ব নিয়েই নারী, শিশু বিকাশ ও সমাজকল্যাণ এবং পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল একগুচ্ছ নতুন পরিকল্পনার কথা ঘোষণা করেছেন। বিশেষত মহিলাদের বিপদে দ্রুত সহায়তা প্রদানের লক্ষ্যে চাইল্ড হেল্পলাইন এবং মহিলা হেল্পলাইনকে একত্রিত করে একটি ‘ইন্টিগ্রেটেড হেল্পলাইন’ ব্যবস্থা চালু করার উদ্যোগ নিয়েছেন তিনি। মন্ত্রীর মতে, এই সমন্বিত পরিষেবা চালু হলে মহিলারা আরও কার্যকর এবং সক্রিয় আইনি ও সামাজিক সুরক্ষা পাবেন। পাশাপাশি দুটি দপ্তরের জন্য পৃথক কল সেন্টার গড়ার পরিকল্পনাও রয়েছে, যাতে সাধারণ মানুষ সরাসরি তাঁদের অভিযোগ জানাতে পারেন।
বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি বা সংকল্পপত্রের রেশ টেনে মন্ত্রী জানান, মহিলা সুরক্ষা তাঁদের অগ্রাধিকার। প্রতিটি মণ্ডলে মহিলা পুলিশ স্টেশন এবং ২৪ ঘণ্টা সক্রিয় মহিলা ডেস্কের পাশাপাশি ‘দুর্গাসুরক্ষা স্কোয়াড’ গঠনের পথেও এগোচ্ছে সরকার। অন্যদিকে, শহরের শৃঙ্খলা ফেরাতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে, নির্ধারিত জায়গার বাইরে কোথাও পার্কিং করা যাবে না। বিশেষ করে ভুয়ো বিল দেখিয়ে পার্কিংয়ের নামে টাকা তোলা হলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। দুর্নীতিমুক্ত প্রশাসন এবং নিরাপদ শহর গড়ে তোলাই এই মুহূর্তে সরকারের মূল লক্ষ্য বলে তিনি জানিয়েছেন।