নয়া জামানা, কলকাতা : রেশন দুর্নীতি মামলায় এ বার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্যানারে অভিনেত্রী তথা বসিরহাটের প্রাক্তন সাংসদ নুসরত জাহান। আগামী ২২ এপ্রিল, বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রেশনের গম পাচার সংক্রান্ত তদন্তে জিজ্ঞাসাবাদের জন্যই এই তলব বলে খবর। নুসরত নিজে মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, হাজিরা এড়াবেন না তিনি। তবে কলকাতায় নয়, অভিনেত্রী দিল্লির সদর দফতরে হাজিরা দিতে পারেন। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, করোনা আবহে সীমান্ত দিয়ে বাংলাদেশে দেদার গম পাচার হয়েছিল। সেই সময় বেশ কিছু ট্রাক ধরা পড়ে। ওই সময় বসিরহাটের সাংসদ ছিলেন নুসরত। ইডির দাবি, পাচারচক্রের তদন্তে নেমে একাধিক গুরুত্বপূর্ণ নাম উঠে এসেছে, যার জেরেই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। যদিও যশ দাশগুপ্তের সঙ্গে বিদেশ সফরে থাকা নুসরত শহরে ফিরেছেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভোটের মুখে কেন্দ্রীয় সংস্থার এই অতিসক্রিয়তাকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ তকমা দিয়েছে তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, রাজনৈতিক লড়াইয়ে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দিচ্ছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নিয়ে সরব হয়েছেন। এর মধ্যেই তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতের দ্বারস্থ হয়েছেন। তাঁর আশঙ্কা, ভোট আবহে প্রায় ৮০০ জন দলীয় কর্মীকে গ্রেফতার করাতে পারে কমিশন। সব মিলিয়ে, নুসরতকে তলব ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তবে শেষ পর্যন্ত বুধবার নুসরত কোথায় হাজিরা দেন, সে দিকেই নজর ওয়াকিবহাল মহলের। দ্রুত বদলাচ্ছে রাজনীতির সমীকরণ। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। ফাইল ফটো।