রাখি গরাই, নয়া জামানা, বাঁকুড়া: বাঁকুড়ার সোনামুখী ব্লকের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি সংলগ্ন দামোদর নদ থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি তাজা মর্টার শেল। মঙ্গলবার নদীর চরে মারণাস্ত্রটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবরটি ছড়াতেই এলাকা জুড়ে মারাত্মক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
সংবাদ পেয়ে সোনামুখী থানার আইসি তাপস দত্তের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কোনো বড় বিপদ বা দুর্ঘটনা এড়াতে শেলটিকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে। পুলিশ ও বম্ব স্কোয়াড নিষ্ক্রিয়করণের প্রক্রিয়া শুরু করার পাশাপাশি পুরো বিষয়টি খতিয়ে দেখছে। স্থানীয় অধিবাসী দুখিরাম সরেন ও শিবু প্রসাদ মন্ডলদের কথায়, ‘নদীতে আমরা মাছ ধরতে বা চাষের কাজে রোজ যাই। একটা শেল পাওয়ার পর মনে হচ্ছে বালির নিচে আরও গোলা থাকতে পারে।’ গোটা নদের বুকে তল্লাশি চালানোর দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মৃত্যুঞ্জয় বিশ্বাস জানান, মৎস্যজীবীদের ওই এলাকায় যেতে আপাতত নিষেধ করা হয়েছে এবং প্রশাসন সবরকম নজরদারি চালাচ্ছে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ আমলে পানাগড় এয়ারবেসকে কেন্দ্র করে এই অঞ্চলে যে যুদ্ধের প্রস্তুতি চলত, তারই কোনো অব্যবহৃত বিস্ফোরক হয়তো দামোদরের বালিতে বহু বছর চাপা পড়েছিল, যা সম্প্রতি নদীর স্রোতে ভেসে উঠেছে।