আমিনুর রহমান, নয়া জামানা, পূর্ব বর্ধমান: ভাতার বিধানসভা এলাকার কুবাজপুর হাই স্কুলে কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে কালি ছেটানোর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে এবং বিদ্যালয়ে নিরাপত্তার দাবিতে বহিরাগতদের প্রবেশের বিরুদ্ধে ক্লাস চলাকালীনই ছোট ছোট পড়ুয়াদের সঙ্গে নিয়ে ধর্ণা আন্দোলনে বসলেন শিক্ষক অসিতাভ দাস। এর আগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবিতেও একইভাবে কালি লেপে দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
অভিযোগের তির বিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার দৈন্যদশার দিকে। বাউন্ডারি ওয়াল বা সীমানা প্রাচীর না থাকার সুযোগ নিয়ে দীর্ঘ দিন ধরেই এক শ্রেণীর সমাজবিরোধী রাত নামলেই স্কুলের ভেতরে মদের আসর ও তাসের আড্ডা বসাচ্ছে। বিদ্যালয়ের আঙিনা থেকে প্রায়শই উদ্ধার হচ্ছে মদ ও তাসের নানান সামগ্রী, যা পঠনপাঠনের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং শিক্ষার্থীদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। প্রতিবাদের নেতৃত্ব দেওয়া শিক্ষক অসিতাভ দাস জানান, এর আগেও তিনি এই ধরনের অপকর্মের বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। বিদ্যালয় চত্বরে বহিরাগতদের অনুপ্রবেশ বন্ধ করা, নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে তিনি রাজ্য সরকার, শিক্ষামন্ত্রী, স্থানীয় বিধায়ক সৌমেন কার্ফা এবং জেলা বিদ্যালয় পরিদর্শকের দ্বারস্থ হলেও কাজের কাজ কিছুই হয়নি। কোনো প্রশাসনিক পদক্ষেপ না মেলায় বাধ্য হয়েই তিনি আজ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রাঙ্গণেই এই ধর্ণা কর্মসূচির পথ বেছে নিয়েছেন।
সৃজিতের ‘কিলবিল সোসাইটি’তে চমক! কৌশানীর ছোটবেলায় কোচবিহারের নিধি