নয়া জামানা:ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন মোড়। হরমুজ প্রণালীর প্রবেশপথে মার্কিন একটি অত্যাধুনিক ডুবো ড্রোন আটক করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার আইআরজিসি নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, এক জটিল গোয়েন্দা ও সামরিক অভিযানে ভোররাতে হরমুজ প্রণালীর প্রবেশপথে মার্কিন সেনার সবচেয়ে আধুনিক, চালকবিহীন ও স্মার্ট সাবমেরিনগুলির একটি আটক করা হয়েছে।রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত বিবৃতিতে বলা হয়, এই স্মার্ট সাবমেরিনটি বিশ্বের অন্যতম উন্নত সাবসারফেস প্রযুক্তিতে তৈরি, যা ২০২৫ সালে মার্কিন নৌবহরে যুক্ত হয়েছিল। ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, ডুবো যানটির মূল কাজের মধ্যে রয়েছে সমুদ্রতল ম্যাপিং, মাইন শনাক্তকরণ এবং সাবমেরিন তার ও পাইপলাইন পরিদর্শন। মার্কিন প্রতিরক্ষা সংস্থা আন্দুরিল নির্মিত এই যানটির নাম ডাইভ-এলডি, যার দৈর্ঘ্য প্রায় ১৯ ফুট।তবে আমেরিকা এই ঘটনাকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, নজরদারি চালানোর সময় ড্রোনটি এক দিনেরও বেশি আগে যান্ত্রিক ত্রুটির শিকার হয়। তাদের দাবি, এতে কোনো স্পর্শকাতর তথ্য বা শ্রেণিবদ্ধ (ক্লাসিফায়েড) সরঞ্জাম ছিল না। আন্দুরিলের এক মুখপাত্রও জানান, ডাইভ-এলডি বিপজ্জনক পরিবেশে কাজ করার জন্যই তৈরি, যেখানে যান হারানোর সম্ভাবনা প্রত্যাশিতই থাকে। গত ফেব্রুয়ারি মাসে যুদ্ধ শুরুর পর থেকে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছে, যেখান দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি হয়। পাল্টা আমেরিকাও ইরানি বন্দরে নিজস্ব অবরোধ চাপিয়েছে। প্রায় ছয় মাস পেরিয়ে যাওয়া এই সংঘাত এখনও কোনো সমাধানের পথে এগোয়নি।
হরমুজে মৃত তিন ভারতীয়, ‘বন্ধু’ ভারতের জ্বালানির জন্য, হরমুজ প্রণালী খুলল ইরান